চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মতলব পৌর শহরে কয়েক মাস ধরে দিনরাত উচ্চশব্দে মাইকিং হচ্ছে। বিকট শব্দে বাজানো হচ্ছে যানবাহনের হর্ন ও বাদ্যযন্ত্র। এতে পৌর শহরের ৪০ হাজার বাসিন্দা শব্দদূষণের শিকার হচ্ছেন। এতে তাঁদের স্বাস্থ্যও ঝুঁকিতে রয়েছে। পাশাপাশি ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়া।
বাংলাদেশের শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০০৬ অনুযায়ী, নীরব এলাকায় শব্দের সহনীয় মাত্রা দিনে ৫০ ও রাতে ৪৫ ডেসিবেল (শব্দের তীব্রতা পরিমাপের একক), আবাসিক এলাকায় দিনে ৫৫ ও রাতে ৪৫ এবং মিশ্র এলাকায় দিনে ৬০ ও রাতে ৫০ ডেসিবেল। শব্দের মাত্রা এর বেশি হলে শব্দদূষণ হয়। উচ্চমাত্রার শব্দ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
পরিমাপ করে দেখা গেছে, নির্বাচনী এবং পণ্য ও সেবার প্রচার চালানোর জন্য মাইকিং করার সময় শব্দের মাত্রা ৯০-১২০ ডেসিবেলের মধ্যে থাকে, অথচ মানুষের জন্য সহনীয় মাত্রা হচ্ছে ৫০-৬০ ডেসিবেল।
এ বিষয়ে জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক নাজমুল হক বলেন, ‘উচ্চমাত্রার শব্দে শ্রবণ ও মস্তিষ্কের কোষগুলো ক্ষতিগ্রস্ত হয়। এতে শ্রবণশক্তি নষ্ট হতে পারে। এমনকি মস্তিষ্কে সমস্যা হতে পারে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, মতলব পৌর বাজারে আটটি মাইকের দোকান আছে। এগুলোতে মাইক রয়েছে দুই শতাধিক। এসব মাইক ভাড়ায় চলছে। তিন-চারটি সাজসজ্জার দোকানের মালিকেরাও মাইক ভাড়া দিচ্ছেন।
পৌর শহরের কলাদী এলাকার তিনজন বাসিন্দা বলেন, ছয় মাস ধরে গভীর রাত পর্যন্ত পৌর শহর ও আশপাশের এলাকার রাস্তায় তীব্র শব্দে মাইকিং করা হচ্ছে। ক্রীড়া, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রচার চালাতে মাইক বাজানো হচ্ছে। বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও চিকিৎসকদের সেবাবিষয়ক প্রচার চালাতেও মাইকিং হয়। ইউনানি, আয়ুর্বেদীয় ও ভেষজ ওষুধের প্রচারণায়ও উচ্চশব্দে মাইকিং হচ্ছে। রিকশা ও অটোরিকশায় লোক দিয়ে মাইকিং হচ্ছে। লোক ছাড়াও ডিজিটাল পদ্ধতিতে চলছে মাইকিং।
ইউএনও শহিদুল ইসলাম বলেন, প্রশাসনের অনুমতি ছাড়া যখন-তখন মাইকিং করা নিষেধ। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।