শব্দদূষণে ক্লাস করা দায়
খুলনার দৌলতপুর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিদ্যালয়সংলগ্ন মসজিদ কর্তৃপক্ষ দোকান বানিয়ে ভাড়া দিয়েছে। এর মধ্যে তিনটি দোকান ভাড়া নিয়ে ওয়ার্কশপের কাজ চলছে। এতে সকাল থেকে বিকেল পর্যন্ত লোহা পেটানোর শব্দে শিক্ষার্থীরা অতিষ্ঠ হয়ে পড়েছে। বিদ্যালয়টির নাম দক্ষিণ কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।বিদ্যালয়ের শিশু শ্রেণীর সুমাইয়া আক্তার (৬) বলে, ‘আগুনের জন্য ভয় করে। রাস্তা পার হতে পারি না।’ চতুর্থ শ্রেণীর আকবর হোসেন (১০) বলে, ‘ঝালাইয়ের আলো এসে পড়ে, তাতে চোখের সমস্যা হয়।’ পঞ্চম শ্রেণীর রহিমা সূর্য (১১) বলে, ‘লোহা পেটানোর শব্দে খুব সমস্যা হয়।’ পঞ্চম শ্রেণীর সজীব মোল্লা (১১) বলে, ‘শব্দ কানের ভেতরে ঢুকে যায়। পড়তে ভালো লাগে না।’ বিদ্যালয়ের শিক্ষিকা মুরশিদা পারভীন বলেন, ‘লোহা পেটানোর শব্দ খুব কানে লাগে। মাঝেমধ্যে লোহা পেটানোর শব্দে ঘণ্টার শব্দ শুনতে পারি না।’বিদ্যালয়ের সূত্রে জানা যায়, ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে বর্তমান শিক্ষার্থী সংখ্যা প্রায় ২৫০ জন। বিদ্যালয়সংলগ্ন দক্ষিণ কাশিপুর মসজিদ কর্তৃপক্ষ ২৫-৩০ বছর আগে কয়েকটি দোকান নির্মাণ করে। এর মধ্যে বিদ্যালয়ের গেটসংলগ্ন একটি দোকান ওয়ার্কশপের কাজের জন্য ভাড়া দেওয়া হয়। গত তিন বছর আগে কর্তৃপক্ষ আরও দুটি দোকান ওয়ার্কশপের জন্য ভাড়া দেয়। এই দোকানগুলোতে লোহার নানা জিনিস তৈরি করা হয়। দোকানগুলোতে লোহা পেটানোর শব্দে শিক্ষার্থীরা অমনোযোগী হয়ে পড়ে। এ বিষয় নিয়ে বারবার মসজিদ কমিটিকে নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ আলোচনা করলেও কোনো সমাধান আজও হয়নি।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী শারাফাতুল্লাহ বলেন, সব থেকে বড় সমস্যা শব্দদূষণ। তার পর আরও একটি সমস্যা, স্কুলের গেট আটকে মুরগির ও ইটের গাড়ি রাখে। ফলে শিক্ষার্থীরা স্কুলে ঢুকতে পারে না। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কাউন্সিলর শেখ খায়রুজ্জামান বলেন, ‘মসজিদ কমিটিকে ওয়ার্কশপ বাদে অন্য দোকান ভাড়া দিতে বলা হয়েছে। কিন্তু তাঁরা আজ করব, কাল করব এভাবে চলছে।’মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, দোকানগুলো অনেক আগের থেকে ভাড়া দেওয়া। দ্রুত মসজিদ কমিটির সভা ডেকে দোকানদারদের দ্রুত দোকান ছাড়ার নোটিশ দেওয়া হবে। খুলনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমাদ্দার বলেন, ‘আমি এখানে নতুন এসেছি। সরেজমিনে গিয়ে দেখে ব্যবস্থা নেব।’