শব্দদূষণে নাকাল বিরামপুরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর পৌরশহরে শব্দদূষণ চরম আকার ধারণ করেছে।
পৌরবাসী সূত্র জানায়, শব্দদূষণরোধে আইনের প্রয়োগ নেই। শহরে ট্রাফিকব্যবস্থা ও বাসস্ট্যান্ড না থাকায় শব্দদূষণ দিন দিন বেড়ে চলেছে। এতে করে শহরবাসীর ঘুমের সমস্যা হচ্ছে। বাড়ছে হৃদ্রোগ, শ্রবণশক্তি হ্রাসসহ বিভিন্ন রোগবালাই।
বিরামপুর শহরের বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত ও বাণিজ্যিক প্রতিষ্ঠান প্রধান সড়কের দুই পাশে অবস্থিত। দিনাজপুর-ঢাকা মহাসড়কের ৫ থেকে ১০ মিটারের মধ্যেই তিনটি প্রাথমিক বিদ্যালয়, দুটি কিন্ডারগার্টেন, একটি মাদ্রাসা এবং তিনটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পশু হাসপাতাল, পৌরভবন, ছয়টি বাণিজ্যিক ব্যাংক, বেসরকারি সংস্থার কার্যালয় এবং প্রায় সব ব্যবসাপ্রতিষ্ঠান মূল সড়কের দুই পাশে অবস্থিত।
বিরামপুর ডিিগ্র কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন বলেন, বিরামপুরে ট্রাফিকব্যবস্থা না থাকায় মহাসড়ক ও অভ্যন্তরীণ সড়কগুলোতে যানবাহন দ্রুতগতিতে চলাচল করে। দ্রুতগতিতে চলাচলকারী যানবাহনের ইঞ্জিনের শব্দ ও হর্নের কারণে এলাকাবাসী ব্যাপক শব্দদূষণের শিকার হয়।
বিরামপুর কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান, বিরামপুর পৌরসভার নিয়ম অনুযায়ী, বেলা দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মাইকযোগে প্রচার চালানো যায়। কিন্তু বিরামপুরে সকাল থেকে গভীর রাত পর্যন্ত উচ্চশব্দে মাইকযোগে প্রচার-প্রচারণা চালানো হয়। যেখানে-সেখানে যন্ত্র দিয়ে দিনরাত ইট ভাঙা হয়। এ ছাড়া দিনরাত চলতে থাকে ট্রাক্টর, ট্রলিসহ শব্দদূষণকারী যানবাহন। এতে পৌরবাসী চরম শব্দদূষণের শিকার হচ্ছে।
মহাসড়কের পাশেই অবস্থিত গ্রামীণফোনের বিরামপুর গ্রাহকসেবাকেন্দ্র। এই কেন্দ্রের ব্যবস্থাপক আবদুর রাজ্জাক জানান, বিরামপুরে স্থায়ী বাসস্ট্যান্ড না থাকায় জেলখানা থেকে পূর্বপাড়া মোড় পর্যন্ত প্রায় পৌনে এক কিলোমিটার এলাকা বাসস্ট্যান্ড হিসেবে ব্যবহার হয়ে আসছে। ট্রাফিক পুলিশ না থাকায় সব সময় যানজট লেগে থাকে। ফলে এই সড়কের দুই পাশের ব্যবসায়ী, ক্রেতাসহ এলাকাবাসী চরম শব্দদূষণের শিকার হচ্ছে। তিনি বছর দুয়েক ধরে কানের সমস্যায় ভুগছেন। শব্দদূষণের কারণে এটা হয়েছে বলে তিনি মনে করেন।
ঢাকা মোড়ের কাপড় ব্যবসায়ী লিটন মিয়া, শফিকুল ইসলাম ও বই ব্যবসায়ী আমিনুল ইসলাম জানান, রাত নামলেই ঘণ্টা দুয়েকের জন্য বিদ্যুৎ চলে যায়। শুরু হয় ৫০ থেকে ৭০টি জেনারেটর দিয়ে শহরের ব্যবসাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ। এসব যন্ত্রের বিকট শব্দে ব্যবসাপ্রতিষ্ঠানে বসে থাকা দায় হয়ে যায়।
শব্দদূষণ বিধিমালা-২০০৬ অনুযায়ী হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত বা এ-জাতীয় প্রতিষ্ঠান হচ্ছে নীরব এলাকা। বিধিমালায় বলা হয়, এসব এলাকার চতুর্দিকে ১০০ মিটারে কোনো প্রকার হর্ন বাজানো যাবে না। আবাসিক এলাকার ৫০০ মিটারের মধ্যে নির্মাণকাজের জন্য ব্যবহৃত ইটভাঙার মেশিন ব্যবহার করা যাবে না। কোনো উৎসব, সামাজিক বা রাজনৈতিক অনুষ্ঠানে লাউডস্পিকার বা উচ্চশব্দ সৃষ্টিকারী অন্য কোনো যন্ত্র ব্যবহার করতে হলে কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে। এসব কার্যক্রমে সর্বোচ্চ পাঁচ ঘণ্টা যন্ত্র চলবে এবং রাত ১০টার পর কোনোক্রমেই শব্দদূষণকারী যন্ত্রপাতি ব্যবহার করা যাবে না। এ ছাড়া পরিবেশ সংরক্ষণ আইনে দিন-রাতভেদে নীরব এলাকায় দিনে ৪৫ ডেসিবল ও রাতে ৩৫ ডেসিবল, আবাসিক এলাকায় দিনে ৫০ ডেসিবল ও রাতে ৪০ ডেসিবল, বাণিজ্যিক এলাকায় দিনে ৭০ ডেসিবল ও রাতে ৬০ ডেসিবল এবং শিল্প এলাকায় দিনে ৭৫ ডেসিবল ও রাতে ৭০ ডেসিবল শব্দের মাত্রা নির্ধারণ করা হয়েছে।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পরিতোষ দাশ গুপ্ত জানান, শব্দদূষণের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা। শব্দদূষণ তিন বছর বা তার কম বয়সী শিশুদের মানসিক বিকাশের অন্তরায়। তিনি আরও জানান, ৩০ থেকে ৩৫ ডেসিবল মাত্রার শব্দে স্নায়বিক দুর্বলতা ও ঘুমের ব্যাঘাত, ৬৫ ডেসিবলের বেশি মাত্রার শব্দে আলসার ও শ্রবণশক্তি হ্রাস এবং ১২০ ডেসিবলের ওপর শব্দে স্থায়ীভাবে শ্রবণশক্তি লোপ পেতে পারে।
পৌরসভার মেয়র আজাদুল ইসলাম জানান, শহরের বাইরে বাসস্ট্যান্ড করার জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। জনপ্রতিনিধি হওয়ায় অনেক শব্দদূষণকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না। তবে নির্দিষ্ট সময়ের বাইরে যাঁরা মাইকযোগে প্রচার চালান, তাঁদের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেওয়া হবে।