শব্দদূষণের অভিযোগে টেক্সটাইল মিলকে পাঁচ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলায় শব্দদূষণের অভিযোগে একটি টেক্সটাইল মিলকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল সোমবার পরিবেশ অধিদপ্তর এম আলী টেক্সটাইল মিলের জেনারেটর, যন্ত্রপাতি ও এগজস্ট ফ্যানের বিকট শব্দে স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রা দুর্বিষহ করে তোলার দায়ে পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করেন। একই সঙ্গে শব্দদূষণ বন্ধে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তর জানায়, গত ৩১ মে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহামঞ্চদ মুনীর চৌধুরীর নির্দেশে একটি দল পাগলায় এম আলী টেক্সটাইল মিলে অভিযান চালায়। কারখানার আশপাশের এলাকায় বিশেষ যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করে শব্দের মাত্রা ৮৩, ৮৭ ও ৭৭ ডেসিবল পাওয়া যায়। এ শব্দের কারণে আশপাশের বাসিন্দাদের জীবন দুর্বিষহ হয়ে পড়ে। বিশেষ করে বৃদ্ধ, শিশু ও শিক্ষার্থীরা স্বাস্থ্যঝুঁকিতে পড়ে। পরিবেশ আইন লঙ্ঘনের অপরাধে পরিচালক (এনফোর্সমেন্ট) মোহামঞ্চদ মুনীর চৌধুরী গতকাল সোমবার ব্যবস্থাপনা পরিচালক মো. আসাদুজ্জামানকে দণ্ডিত করে পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করেন এবং সাত দিনের মধ্যে শব্দদূষণ নিয়ন্ত্রণে সব ধরনের প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এ আদেশ পালনে ব্যর্থ হলে জেনারেটর জব্দ করা হবে মর্মে সতর্ক করা হয়েছে।