শব্দসৈনিক রাশেদুল হোসেনের ইন্তেকাল
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক ও শব্দসৈনিক রাশেদুল হোসেন (৭২) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। খবর বাসসের।
গতকাল সকালে মরদেহ আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার কার্যালয়ে নেওয়া হলে সাবেক সহকর্মী, সাংস্কৃতিক কর্মী ও বেতারের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
বাদ আছর ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌড়াইল জামে মসজিদে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়।
বাংলাদেশ বেতারের প্রকৌশলী হিসেবে তিন দশকেরও বেশি সময় কাজ করেছেন রাশেদুল হোসেন। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি বাহিনী যখন মুক্তিকামী নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়েছিল, তখন বেতারের একদল কর্মী চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রকে ‘স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র’ ঘোষণা দেন। তাঁদের মধ্যে রাশেদুল ছিলেন অন্যতম।
রাশেদুল হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর গভীর শোক প্রকাশ করেছেন।