শব্দসৈনিক রাশেদুল হোসেন আর নেই

এস্বাধীন বাংলা বেতারের শব্দ সৈনিক রাশেদুল হোসেন মারা গেছেন (ইন্নালিল্লাহি......রাজিউন)। আজ মঙ্গলবার ভোর চারটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বাংলাদেশ বেতার সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে তাঁর মরদেহ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারে নেওয়া হয়। সেখানেই তাঁর জানাজা হয়েছে। জানাজা শেষে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামের বাড়িতে। সেখানে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা।
রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরিন শারমীন চৌধুরী রাশেদুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
একাত্তরের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। ‘স্বাধীনতার প্রশ্নে কোনো আপস নেই’, ‘হানাদারদের হাতে মারার সঙ্গে সঙ্গে ভাতেও মারেন’, ‘পাকিস্তানি পণ্য বর্জন করুন’- এ ধরনের উদ্দীপনামূলক কথা দিয়ে ওই কেন্দ্রের শিল্পীরা শপথ নিতেন। ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের প্রেরণা জুগিয়েছিল ‘জয় বাংলা বাংলার জয়’ বা ‘রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম’ গানগুলো। এই গানগুলো যুদ্ধের ময়দানে দেশের প্রতি মমত্ব ধরে রাখতে সাহায্য করেছিল। এখনো এসব গান আমাদের যেন যুদ্ধের সেই উত্তাল দিনগুলোতে নিয়ে যায়।