শব্দায়নের ৩২ বছর পূর্তি উৎসব
কক্সবাজারের শব্দায়ন আবৃত্তি একাডেমি উদ্যাপন করেছে ৩২ বছর পূর্তি উৎসব। এ উপলক্ষে ১ ফেব্রুয়ারি বিকেলে শহরের একটি হোটেলে আয়োজন করা হয় িপঠা উৎসব, কথামালা, আবৃত্তি ও গান। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
অনুষ্ঠানে ৪৫ রকমের পিঠা প্রদর্শিত হয়। এ ছাড়া অনুষ্ঠানস্থলে পিঠা বানিয়ে পরিবেশন করা হয় অতিথিদের।
আগত অতিথি শিক্ষাবিদ সোমেশ্বর চক্রবর্তী বলেন, ‘চাঁদের স্নিগ্ধ আলো যেমন জাগতিক সবকিছুকে চনমনে রাখে, তেমনি শব্দায়ন আবৃত্তি একাডেমি এই শহরের সাংস্কৃতিক অঙ্গনকে রেখেছে কর্মচাঞ্চল্য।’ চাঁদের মতো শব্দায়নেরও অন্ততকাল বেঁচে থাকার প্রত্যাশা করেন তিনি।
শব্দায়নের পরিচালক জসীম বকুল বলেন, শব্দায়ন সাংস্কৃতিক আন্দোলনকে সবার মধ্যে ছড়িয়ে দিতে কাজ করছে। এই যাত্রা থামবে না।
অনুষ্ঠানে কবি আবুল কালাম আজাদ শব্দায়নকে কক্সবাজারের সংস্কৃতির বাতিঘর হিসেবে তুলে ধরে বলেন, ‘যাঁরা কক্সবাজারকে সংস্কৃতির নগর হিসেবে দেখতে চায়-তাঁরা নিজের গরজে এগিয়ে নেবে শব্দায়নকে।’
এ ছাড়াও অনুভূতি জানান চিকিৎসক বিধান পাল, কক্সবাজার চেম্বার অব কমার্সের সহসভাপতি আবু মোর্শেদ চৌধুরী, কবি সিরাজুল হক, সিটি কলেজের অধ্যক্ষ ক্যাথিং অং, শিক্ষক মো. নাসির উদ্দিন, কন্ঠশিল্পী প্রবীর বড়ুয়া, অধ্যাপক মঈনুল হাসান, মানসী বড়ুয়া, কবি মানিক বৈরাগী, সাংবাদিক মুহাম্মদ আলী জিন্নাত, সুনীল বড়ুয়া, তৌফিকুল ইসলাম প্রমুখ।
পরে শব্দায়নের সদস্যরা আবৃত্তি ও গান পরিবেশন করেন।