শমরিতায় ভুল চিকিৎসার অভিযোগ, তদন্তে লাশ উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শমরিতা হাসপাতালে ভুল চিকিৎসায় এক স্কুলছাত্রের মৃত্যুর অভিযোগ তদন্তের জন্য মৃত্যুর ২৪ দিন পরে গতকাল রোববার তার মৃতদেহ কবর থেকে তোলা হয়েছে। ঘটনার শিকার স্কুলছাত্র সামিউল হোসাইন ওরফে সানি (১৬) রাজধানীর ইন্দিরা রোডের একটি স্কুলে দশম শ্রেণিতে পড়ত।

যোগাযোগ করা হলে রাজধানীর শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোপাল গণেশ বিশ্বাস প্রথম আলোকে বলেন, ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে মামলা হলেও সে সময় ময়নাতদন্ত না হওয়ায় এখন আদালতের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্তের জন্য মৃতদেহ তোলা হয়েছে।

মামলার বাদী ও নিহত সামিউলের ভাই বিল্লাল হোসাইন বলেন, তাঁরা ইন্দিরা রোডে থাকেন। গত ১০ মে থেকে তাঁর ছোট ভাই সামিউলের জ্বর ছিল। জ্বর না কমায় পরদিন ১১ মে রাত পৌনে ১১টার দিকে তাকে শমরিতা হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসকেরা কোনোরকম পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই সামিউলের শরীরে বিভিন্ন ধরনের ইনজেকশন ও স্যালাইন পুশ করতে থাকেন। এতে চোখের সামনেই তার অবস্থার অবনতি হয়।

বিল্লালের দাবি, শমরিতার চিকিৎসকদের ভুল চিকিৎসার কারণে সামিউল ১১ মে গভীর রাতে মারা যায়। পরে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। এরপর গত ১৬ মে শমরিতা হাসপাতালের পান্থপথ শাখার চিকিৎসক-কর্মচারীসহ আটজনের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করেন তিনি।

পুলিশ জানায়, ওই মামলার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার উপস্থিতিতে আজিমপুর কবরস্থানের কবর থেকে সামিউলের মৃতদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।