শমশেরনগর ডবলছড়া পথে যান চলাচল বন্ধ
ডবলছড়া চা–বাগানের শ্রমিকদের সঙ্গে বিরোধের কারণে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর-ডবলছড়া পথে গত রোববার থেকে সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছেন জিপগাড়ি ও পিকআপ ভ্যান চালকেরা।
ডবলছড়া চা–বাগানের মহাজন পাইরতলী কুর্মী, ব্যবসায়ী সুমন কুর্মী ও ইউপি সদস্য আকল রাম তুরিয়া বলেন, ১২ অক্টোবর সকালে বলরাম নায়েক (৩২) নামের ডবলছড়া চা–বাগানের এক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দ্রুত শমশেরনগরে একটি হাসপাতালে পাঠানোর জন্য এক জিপের চালক শামীম মিয়াকে অনুরোধ করা হয়। প্রাথমিকভাবে চালক শামীম রাজি হননি। পরে অনেক অনুরোধ করা হলে ঘণ্টা খানেক পর শামীম বলরাম নায়েককে নিয়ে রওনা হন। তবে পথে বলরাম মারা যান। জিপচালক শামীম মিয়া বলেন, বলরাম অসুস্থ শুনে তিনি অন্য একটি ট্রিপ ছেড়ে তাঁকে নিয়ে আসেন। তবে রোগী পথে মারা যান। এখানে তাঁর করার কিছু নেই।
এ ঘটনায় ডবলছড়া চা–বাগানের চা–শ্রমিকেরা ক্ষুব্ধ হন। প্রাথমিকভাবে বিষয়টি সামাজিক বৈঠকে সমাধানের জন্য শমশেরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জুয়েল আহমদ আশ্বাস দেন। তবে পরপর দুটি সামাজিক বৈঠকে চেয়ারম্যান জুয়েল আহমদ ডবলছড়া চা–বাগানে উপস্থিত না হওয়ায় গত মঙ্গলবার বিকেল থেকে ডবলছড়া চা–বাগানের শ্রমিকদের সঙ্গে জিপ, পিকআপ ও গাড়িচালকদের উত্তেজনার সৃষ্টি হয়। এরপর রোববার থেকে চালকেরা ডবলছড়া পথে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন। ফলে চা–বাগানের শ্রমিক, ডবলছড়া খাসিয়াপুঞ্জির খাসিয়া সদস্যরা শমশেরনগর যেতে পারছেন না। লেবু, পানসহ কোনো কাঁচামাল পরিবহন করা যাচ্ছে না। এদিকে ডবলছড়াতেও কেউ আসতে পারছেন না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক বলেন, তিনি যান চলাচল বন্ধ থাকার কথা শুনেছেন। তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বিষয়টি নিরসনের উদ্যোগ নিতে বলেছেন। চেয়ারম্যান জুয়েল আহমদ বলেন, চা–শ্রমিকদের সঙ্গে কথা হচ্ছে। সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা চলছে।