শমশেরনগর থেকে কুমিল্লা ফেনী ও লাকসামের আসন নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলওয়ের সিলেট-চট্টগ্রামের পথে শমশেরনগর স্টেশনে শুরু থেকেই আন্তনগর পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি আছে। এখান থেকে কিন্তু কুমিল্লা, লাকসাম ও ফেনী স্টেশনের জন্য আসন নেই। এ কারণে অনেক যাত্রী চট্টগ্রামের টিকিট সংগ্রহ করে এসব স্থানে যাতায়াত করেন। বেশির ভাগ যাত্রী বাধ্য হয়ে আসনবিহীন টিকিটে ভ্রমণ করেন। এতে তাঁদের চরম দুর্ভোগ পোহাতে হয়।স্টেশন সূত্রে জানা যায়, উদয়ন ও পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন দুটি চালুর পর থেকে শমশেরনগরে যাত্রাবিরতি দেওয়া হয়। শমশেরনগর থেকে প্রচুর যাত্রী ট্রেন দুটিতে যাতায়াত করেন। শমশেরনগরের স্টেশনমাস্টার মোহাম্মদ শাহজাহান খান ও সহকারী মাস্টার আবদুল মালিক জানান, যেসব স্টেশনে যাত্রাবিরতি দেওয়া হয়, সেসব স্টেশনের জন্য আসন বরাদ্দ রাখা হয়। কিন্তু কয়েক বছর ধরে কুমিল্লা, লাকসাম ও ফেনীর জন্য আসন বরাদ্দের বারবার আবেদন করা হলেও তা পাওয়া যায়নি। এতে শমশেরনগর থেকে কুমিল্লা, লাকসাম ও ফেনীর যাত্রীরা বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে চট্টগ্রাম স্টেশনের টিকিট সংগ্রহ করে ভ্রমণ করছেন। আর অধিকাংশ যাত্রী আসনবিহীন টিকিট সংগ্রহ করে দাঁড়িয়ে যাতায়াত করছেন।সহকারী স্টেশনমাস্টার আবদুল মালিক আরও জানান, রেলওয়ের বাণিজ্য বিভাগের দেওয়া লক্ষ্যমাত্রা অনুযায়ী শমশেরনগর স্টেশন থেকে মাসে তিন লাখ টাকার রাজস্ব আয় করার কথা। কিন্তু জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত এই স্টেশন প্রতি মাসে গড়ে পাঁচ লাখ ৩০ হাজার টাকা করে রাজস্ব আয় করছে। এদিক বিবেচনা করে হলেও এই স্টেশনের জন্য কুমিল্লা, লাকসাম ও ফেনীর আসন বরাদ্দ করা উচিত।রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (পূর্ব) মো. ফেরদৌস আলম মুঠোফোনে বলেন, বগি-সংকটের কারণে চাহিদা থাকা সত্ত্বেও শমশেরনগরসহ অনেক স্টেশনে পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেসের কুমিল্লা, লাকসাম ও ফেনীর আসন বরাদ্দ করা যাচ্ছে না। নতুন করে বগি এলে এসব স্টেশনের আসন বরাদ্দ করা হবে। বিষয়টি রেলওয়ের বাণিজ্যিক বিভাগের বিবেচনাধীন রয়েছে।