শমশেরনগর প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আধা পাকা ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। ভবনটি যেকোনো সময় ধসে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিদ্যালয় সূত্র জানায়, ১৯৪৬ সালে একটি আধা পাকা ভবন তৈরি করে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। পরে পাশেই বিদ্যালয়ের জন্য একটি পাকা ভবন তৈরি করা হয়। বর্তমানে বিদ্যালয়টিতে শিশুশ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৭০০ জন শিক্ষার্থী রয়েছে। পুরাতন আধা পাকা ভবনের টিনের চালার অধিকাংশই নষ্ট হয়ে গেছে। বারান্দাসহ শ্রেণীকক্ষে বৃষ্টির পানি পড়ে। এ ভবনটির ছয়টি কক্ষের চারটির দেয়ালে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম মিয়া এই বিদ্যালয় পরিদর্শনে আসেন।প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম জানান, ‘ইউএনও স্যার বিদ্যালয়ের ওই ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন এবং সেখানে শিক্ষার্থীদের পাঠদান না করতে পরামর্শ দেন। এতে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে।’ প্রধান শিক্ষক আরও জানান, প্রায় এক বছর আগে জাতীয় সংসদের চিফ হুইপ এম এ শহীদ ও সাবেক জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমানসহ ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা এ বিদ্যালয়টি পরিদর্শন করে ওই ভবনটিকে ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছিলেন। পরে জেলা প্রশাসক ওই ভবন ভেঙে সেখানে একটি দ্বিতল ভবন নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীকে নির্দেশ দেন। কিন্তু এখনো নতুন ভবন নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কিশলয় চক্রবর্তী বলেন, বিষয়টি নিয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও ইউএনওর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।ইউএনও জাহিদুল ইসলাম মিয়া বলেন, বিদ্যালয়টি পরিদর্শন করে ওই ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।