আখাউড়া-সিলেট রেলপথে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর স্টেশনে চাহিদার তুলনায় ট্রেনে আসনসংখ্যা খুবই কম। দফায় দফায় আসন বাড়ানোর তাগাদা দেওয়া হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাড়া দিচ্ছে না। গত মঙ্গলবার শমশেরনগর স্টেশন ঘুরে এ তথ্য জানা যায়।যোগাযোগের সুবিধার কারণে মৌলভীবাজারের কুলাউড়া, রাজনগর ও কমলগঞ্জ—এই তিন উপজেলার ২৫টি ইউনিয়নের লোকজন শমশেরনগর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে চেপে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকে। এ ছাড়া শমশেরনগরে চা শিল্পাঞ্চল, ব্যবসাকেন্দ্র ও বিমানবাহিনীর ঘাঁটি হওয়ায় এখানে ট্রেনে যাত্রীর চাপ বেশি। জানা যায়, শমশেরনগর থেকে ঢাকাগামী আন্তনগর ৭৪০ নম্বর উপবন এক্সপ্রেসে ১৫টি শোভন চেয়ার ও চারটি প্রথম শ্রেণীর চেয়ার আসন রয়েছে। চট্টগ্রামগামী ৭২৪ নম্বর আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনে ১৫টি শোভন চেয়ার এবং চট্টগ্রামগামী ৭১৯ নম্বর পাহাড়িকা এক্সপ্রেসে ২০টি শোভন চেয়ার আসন আছে। অথচ এই তিনটি ট্রেনে প্রতিদিনই ৫৫ থেকে ৬০টি করে টিকিটের চাহিদা রয়েছে। এই তিনটি ট্রেনে প্রতিদিন বহু যাত্রী আসনবিহীন টিকিট কিনে দীর্ঘ পথ দাঁড়িয়ে ভ্রমণ করছে।ট্রেনযাত্রী ওবায়দুল ইসলাম ও মুসলিম উদ্দীন অভিযোগ করে বলেন, শমশেরনগর স্টেশনে গিয়ে টিকিট চাইলে মাস্টাররা টিকিট নেই বলে জানান। তবে ১৩৫ টাকার স্থলে ২৫০ টাকা দিলে রেলের কতিপয় অসাধু কর্মচারীর কাছে টিকিট পাওয়া যায়।শমশেরনগর স্টেশনের সহকারী মাস্টার আবদুল মালেক চাহিদার তুলনায় তিনটি আন্তগর ট্রেনে আসনস্বল্পতার বিষয়টি নিশ্চিত করে বলেন, দিনে দিনে এই স্টেশনের গুরুত্ব ও যাত্রীসংখ্যা বেড়েই চলেছে। রেলওয়ে বাণিজ্য বিভাগের দেওয়া লক্ষ্যমাত্রার চেয়ে এখানে অনেক বেশি রাজস্ব আয় হয়। তিনটি আন্তনগর ট্রেনে আসন বাড়ানোর জন্য দুই বছর ধরে আবেদন করেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না।শমশেরনগর স্টেশনে টিকিট কালোবাজারে বিক্রি হয় না দাবি করে আবদুল মালেক বলেন, যাত্রীদের অনুরোধে মাঝেমধ্যে অন্যান্য স্টেশন থেকে টিকিট এনে দেওয়া হতো। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিষেধাজ্ঞার কারণে এই পদ্ধতিতে এখন আর টিকিট আনা যাচ্ছে না। তিনি আরও বলেন, দুই বছর ধরে শোনা যাচ্ছে, অচিরেই শমশেরনগর স্টেশনে ঢাকাগামী আন্তনগর পারবাত ট্রেন থামানো (স্টপেজ) হবে। যদি এই ট্রেনের স্টপেজ হয়, তাহলে যাত্রীদের কিছুটা সুবিধা হবে। পাশাপাশি আন্তনগর পাহাড়িকা, আন্তনগর উদয়ন ও আন্তনগর উপবন ট্রেনে আসন বাড়ানো অত্যাবশ্যক হয়ে পড়েছে।