শমশেরনগরে ট্রেনে যান্ত্রিক ত্রুটি
ঢাকা থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা আন্তনগর উপবন এক্সপ্রেস ট্রেন গতকাল রোববার ভোরে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশনে পৌঁছার পর যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়ে। এ সময় ট্রেনটি তিন ঘণ্টা স্টেশনে আটকে পড়ে। এতে দুর্ভোগে পড়েন শত শত যাত্রী। পরে সিলেট থেকে একটি ইঞ্জিন এসে ট্রেনটিকে গন্তব্যে নিয়ে যায়। রেলওয়ে সূত্র জানায়, শমশেরনগর স্টেশনে উপবন এক্সপ্রেস ট্রেনটির নির্ধারিত যাত্রাবিরতি (স্টপেজ) রয়েছে। গতকাল ভোর তিনটা ২০ মিনিটে ট্রেনটি ঢাকা থেকে শমশেরনগর স্টেশনে পৌঁছায়। কয়েক মিনিট পর ট্রেনটি সিলেটের উদ্দেশে যাত্রা শুরু করতে চাইলে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায়, ট্রেনটির একটি চাকা বিকল (জ্যাম) হয়ে গেছে। প্রায় তিন ঘণ্টা পর ভোর সোয়া ছয়টায় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন এসে বিকল হওয়া উপবন ট্রেনটি উদ্ধার করে সিলেট স্টেশনে নিয়ে যায়। শমশেরনগর রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার আবদুল মালিক বলেন, দীর্ঘক্ষণ চেষ্টার পরও উপবন ট্রেনের ইঞ্জিনের চাকা সচল করা যায়নি। পরে সিলেট রেলওয়ে স্টেশনে অপেক্ষমাণ চট্টগ্রামমুখী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনকে শমশেরনগর স্টেশনে নিয়ে আসা হয়। এ ইঞ্জিনটিই উপবন ট্রেনকে সিলেটে নিয়ে যায়।