শমশেরনগরে ৩৯তম সমাপনী বিমানসেনা কুচকাওয়াজ
‘বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান এবং সার্জেন্ট জহরুল হকসহ অসংখ্য বীরের ত্যাগের মহিমায় সমুজ্জ্বল বাংলাদেশ বিমানবাহিনী। তাঁদের সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রাণপ্রিয় স্বাধীনতা। সততা, একাগ্রতা ও নিষ্ঠায় অবিচল থেকে বিমানসেনাদের দেশ গড়ায় নিজেদের উৎসর্গ করে কাজ করতে হবে।’ গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানবাহিনী মৌলভীবাজারের শমশেরনগরের ঘাঁটিতে ৩৯তম বিমানসেনা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব খোন্দকার মো. আসাদুজ্জামান এ কথা বলেন।গতকাল সকাল সাড়ে ১০টায় শমশেরনগরে বিমানবাহিনীর রিক্রুটস অ্যান্ড ট্রেনিং স্কুল প্রাঙ্গণে ৩৯তম বিমানসেনাদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন শেষ করে সালাম গ্রহণ করেন। অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন ডেপুটি বিমানবাহিনী প্রধান এনামুল বারী, মৌলভীবাজার জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান, জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরীসহ সেনা ও বিমানবাহিনীর সিনিয়র অফিসার এবং রিক্রুটদের অভিভাবকেরা।৩৯তম নব বিমানসেনা প্রশিক্ষণে শিক্ষা ও জেনারেল সার্ভিস প্রশিক্ষণ বিষয়ে সেরা নৈপুণ্যের জন্য শ্রেষ্ঠ রিক্রুট বিবেচিত হয়েছেন এসি-২ মো. আলমগীর হোসেন এবং জেনারেল সার্ভিস প্রশিক্ষণে সেরা রিক্রুট বিবেচিত হয়েছেন এসি-২ মো. সজিবুল ইসলাম।