শমসের মবিনকে ছেড়ে দিয়েছে পুলিশ

বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে ছেড়ে দিয়েছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান রাতে ‘প্রথম আলো’কে এ তথ্য জানান।
আজ মঙ্গলবার সকালে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, রাত একটার পর শমসের মবিন চৌধুরীকে ছেড়ে দেওয়া হয়েছে।
গতকাল রাত সাড়ে আটটায় খালেদা জিয়ার গুলশানের বাসভবন থেকে বের হওয়ার পরপরই শমসের মবিনকে আটক করে ডিবি। সেখান থেকে তাঁকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
এর আগে বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা পৌনে সাতটা পর্যন্ত খালেদা জিয়ার সঙ্গে তাঁর বাসভবনে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসনের বৈঠক হয়। ওই বৈঠকে শমসের মবিন চৌধুরী এবং চেয়ারপারসনের দুই উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে রবার্ট গিবসন চলে যান। এরপর খালেদা জিয়ার বাসভবন থেকে বের হন শমসের মবিন চৌধুরী। বৈঠক সম্পর্কে তিনি ব্রিফিং করবেন বলে সাংবাদিকেরা সেখানে অপেক্ষায় ছিলেন। কিন্তু বের হওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে আটক করে ডিবি পুলিশ।