শমসের মবিনের জামিন শহীদ উদ্দীনের নামঞ্জুর
রাজধানীর রমনা থানায় করা মামলায় বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরীর অন্তর্বর্তীকালীন জামিন গতকাল বুধবার মঞ্জুর করেছেন হাইকোর্ট। এদিকে শাহবাগ থানায় করা পৃথক চার মামলায় বিএনপিদলীয় সাংসদ শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির জামিনের আবেদন নামঞ্জুর করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল শমসের মবিন চৌধুরীর জামিন মঞ্জুর করেন। দুই মাস অথবা পুলিশ প্রতিবেদন দাখিল, যেটি আগে হয় সে সময় পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করা হয়। পাশাপাশি কেন তাঁকে স্থায়ী জামিন দেওয়া হবে না, তা চার সপ্তাহের মধ্যে জানাতে সরকার ও সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করা হয়।আদালতে শমসের মবিনের পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এম বদরুদ্দোজা ও কামরুল ইসলাম এবং সরকারপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজউদ্দিন ফকির মামলা পরিচালনা করেন। এম বদরুদ্দোজা প্রথম আলোকে বলেন, এ মামলায় জামিন মঞ্জুরের ফলে শমসের মবিন চৌধুরীর কারামুক্তিতে কোনো আইনগত বাধা নেই।এদিকে পৃথক চারটি মামলায় সাংসদ শহীদ উদ্দীনের জামিন আবেদন নামঞ্জুর করেন মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইসমাইল হোসেন। শহীদ উদ্দীনের জামিনের আবেদন জানিয়ে গতকাল তাঁর আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার আদালতে বলেন, তাঁর বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন। তাঁকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এ মামলাগুলোতে জড়ানো হয়েছে।গত ২৭ জুন বিএনপির ডাকা হরতাল চলাকালে বিভিন্ন ঘটনার ব্যাপারে পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় চারটি মামলা করে। এসব মামলায় শহীদ উদ্দীনকে গ্রেপ্তার দেখানো হয়। ওই হরতালের আগের রাতে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার অভিযোগে রমনা থানায় করা একটি মামলায় ৩০ জুন শমসের মবিনকে গ্রেপ্তার দেখানো হয়। তাঁরা দুজনই ২৭ জুন গ্রেপ্তার হন।সালাউদ্দিন কাদের চৌধুরীর রিট খারিজ: বিদেশি মুদ্রা পাচারের অভিযোগে করা মামলার বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি কাজী রেজা-উল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।সাকা চৌধুরীর কৌঁসুলি ফখরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ-সংক্রান্ত বিষয় আপিল বিভাগে বিচারাধীন রয়েছে। রিটের হলফনামা শুদ্ধ হয়নি বিবেচনায় রিটটি খারিজ করা হয়। তবে পরবর্তী প্রক্রিয়া শেষে আবার রিট করা যাবে।