শমসের মবিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শমসের মবিন চৌধুরী
শমসের মবিন চৌধুরী

সাংসদ ছবি বিশ্বাসের গাড়ি পোড়ানোর ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত গতকাল শুক্রবার এই রিমান্ড মঞ্জুর করেন।
শমসের মবিনসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে কাল রোববার সিলেট জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি।
শাহবাগ থানার পুলিশ জানায়, সাংসদ ছবি বিশ্বাসের গাড়ি পোড়ানোর মামলায় শমসের মবিনকে গতকাল সকালে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়। আইনজীবী সানাউল্লাহ মিয়া ও তাহেরুল ইসলাম রিমান্ডের আবেদন বাতিল করে শমসের মবিনের জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর এবং জামিনের আবেদন নাকচ করেন।
শমসের মবিনকে গত বৃহস্পতিবার রাতে মহাখালীর ডিওএইচএসের বাসা থেকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিন্টো রোডের কার্যালয়ে নেওয়া হয়।
কাল সিলেটে হরতাল: নিজস্ব প্রতিবেদক, সিলেট জানান, গতকাল বিকেলে নগরের জিন্দাবাজারে দলের অস্থায়ী কার্যালয়ে সিলেট জেলা ও নগর বিএনপির জরুরি সভা হয়। সভায় শমসের মবিনসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে ও খালেদা জিয়াকে অবরুদ্ধ রাখার প্রতিবাদে কাল জেলায় সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়। বুধবার নগরে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে নগর বিএনপি।