শম্বুক গতিতে চলে গাড়ি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এই ঝুঁকিপূর্ণ রাস্তায় একটা বাস যখন আরেকটা বাসেরে সাইড দিতে গিয়া কাইত হইয়া পড়ে, তখন আল্লারে ডাকি আর দোয়া-দরুদ পড়ি। মনে অয়, এই বুজি বাসটা উল্ডাইয়া গেল। এই রোডটা কী ভাই ঠিক অইব না?’ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কে নিয়মিত চলাচলকারী যাত্রী আবদুল হান্নান (৪৫) ক্ষোভের সঙ্গে এভাবেই কথাগুলো বললেন।সরেজমিনে প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কটিতে দেখা যায়, বেশির ভাগ অংশই বর্তমানে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটির অধিকাংশ জায়গায় পিচ উঠে গিয়ে অসংখ্য বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ ছাড়া সড়কটির দুই পাশের অধিকাংশ মাটি সরে পড়েছে। ফলে বাস-ট্রাকসহ সব ধরনের গাড়ি ধীরগতিতে, সতর্কভাবে চলাচল করছে। সড়কটি ১২ ফুটেরও কম প্রশস্ত। একটি বাস অপরটিকে পাশ কাটাতে গিয়ে দুটি গাড়িই মূল সড়ক থেকে নিচের মাটিতে নেমে যায়। জানা গেছে, নবীনগর থেকে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের সর্বত্র এই একটি সড়ক দিয়েই লোকজন চলাচল করে। নবীনগর-ঢাকা ও নবীনগর-চট্টগ্রামগামী ‘সৌদিয়া’ ও ‘প্রান্তিক’ পরিবহনের স্থানীয় ব্যবস্থাপক জাকিরুল হক বলেন, ‘নবীনগর থেকে বের হওয়ার এই একটি মাত্র সড়ক দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিদিন বড় বাস, মিনি বাস, ট্রাক, অটোরিকশাসহ অসংখ্য যানবাহন চলাচল করে। ঢাকাগামী ‘সৌদিয়া’র চালক শিপন মিয়া, চট্টগ্রামগামী প্রান্তিক পরিবহনের চালক শাহজাহান মিয়া ও কুমিল্লাগামী জনতা পরিবহনের চালক আবদুর রহিম বলেন, ‘এই সড়কের অবস্থা এতটাই খারাপ হইছে যে, শামুকের মতো ধীরগতিতে গাড়ি চালানো ছাড়া কোনো উপায় নেই। রাস্তার অবস্থা বেশি খারাপ হওয়ায় প্রচণ্ড ঝাঁকুনির কারণে যাত্রীদের পাশাপাশি আমরাও দুর্ঘটনার ভয়ে থাকি।’ এলাকাবাসী সূত্র জানায়, গত বছরের মার্চে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ঢাকা থেকে এই সড়কে গাড়ি নিয়ে নবীনগরে আসেন। সড়কটির করুণ অবস্থা দেখে প্রতিমন্ত্রী উষ্মা প্রকাশ করেন। তিনি জরুরিভিত্তিতে সড়কটি সংস্কার ও প্রশস্ত করার আশ্বাস দেন। এর কিছুদিন পর ১২ মে প্রধানমন্ত্রীও ব্রাহ্মণবাড়িয়ায় এক জনসভায় জেলার বিভিন্ন সড়কের সঙ্গে এই সড়কটি সংস্কারের ঘোষণা দিয়ে যান। ব্রাহ্মণবাড়িয়া সওজ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘২৯ কিলোমিটার এই সড়কটির মাত্র ১২ কিলোমিটার অংশ নবীনগর সীমানায় পড়েছে। বাকি অংশটুকু কুমিল্লার মুরাদনগর উপজেলার অংশে রয়েছে। গুরুত্বপূর্ণ এ সড়কটির নাজুক অবস্থার কথা চিন্তা করে পুরো সড়কটির মেরামত ও সংস্কারের জন্য সম্প্র্রতি প্রায় দুই কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়েছে। শিগগির এর কাজ শুরু হবে। তবে সড়কটি আপাতত প্রশস্ত করা হচ্ছে না।’