শম্ভুগঞ্জ সেতুর টোল আদায়ের ইজারাদার নিয়োগে জটিলতা
দুই দফায় মোট ছয়বার দরপত্র আহ্বান করা হলেও ময়মনসিংহের শম্ভুগঞ্জে ব্রহ্মপুত্র নদের ওপর বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর ‘আশানুরূপ’ মূল্যের টোল আদায়ের ইজারাদার পাচ্ছে না সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। সওজের ময়মনসিংহ কার্যালয়ের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, মধ্যবর্তী জরিপের ভিত্তিতে টোল আদায়ের সম্ভাব্য যে পরিমাণ দেখানো হয়েছে, তা বাস্তবসম্মত না হওয়ায় এই জটিলতা দেখা দিয়েছে।সওজ সূত্র জানায়, ২০১১-১২ সালের সরকারি মধ্যবর্তী জরিপের ফলাফলে দেখানো হয়েছে, সেতুটি দিয়ে প্রতিদিন যে হারে গাড়ি পারাপার করে, তাতে প্রতিবছর আট কোটি টাকা টোল আদায় করা সম্ভব। সওজের ঢাকা আঞ্চলিক কার্যালয় সে অনুপাতে ২০১২-১৩ অর্থবছরের টোল আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করার তাগিদ দেয়। সরকারি গাড়ি পারাপার দেখিয়ে ২০ শতাংশ টাকা কম আদায়ের হিসাব দেখালে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ছয় কোটি ৪০ লাখ টাকা।সওজ বিভাগ দাবি করছে, ২০১২-১৩ অর্থবছরের জন্য দরপত্র আহ্বান করা হলে আশানুরূপ সাড়া পাওয়া যাচ্ছে না। প্রথম দফায় চারবার দরপত্র আহ্বান করলে দুবার কোনো দরপত্রই পড়েনি। আর দুবার মাত্র দুটি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। তার মধ্যে সর্বোচ্চ দর দিয়েছে বর্তমান ইজারাদার মেসার্স জামাল হোসেন, যার মূল্য চার কোটি ৮১ লাখ ২০০ টাকা। অপর প্রতিষ্ঠান মেসার্স টি এইচ আহমেদ অ্যান্ড কোং চার কোটি ৮০ লাখ ৬০ হাজার টাকার দর দেয়।প্রথম দফা দরপত্রের এই বিবরণী ঢাকায় পাঠানো হলে জরিপের সঙ্গে বড় অঙ্কের ফারাক থাকায় তা অনুমোদন না করে দ্বিতীয় দফা দরপত্র আহ্বানের নির্দেশ দেওয়া হয়। কিন্তু দ্বিতীয় দফায় নতুন কোনো দরপত্র না পড়লে ময়মনসিংহ সওজের কার্যালয় আগের দরপত্রের তুলনামূলক বিবরণী আবারও ঢাকায় পাঠিয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রধান প্রথম আলোকে বলেন, দুটি প্রতিষ্ঠানের দরপত্রের মধ্যে মাত্র ৪০ হাজার টাকার ব্যবধান থেকে অনুমান করা যায় বিষয়টি সাজানো।সওজের ময়মনসিংহ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বলেন, সরকারি জরিপের সঙ্গে বাস্তবের লক্ষ্যমাত্রা মিলবে না। কারণ, যারা জরিপ করে, তারা মাত্র কয়েক দিন থাকে। তিনি দাবি করেন, বর্তমানে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়ক নির্মাণাধীন থাকায় সড়কটি দিয়ে গাড়ি কম চলাচল করে। তাই জরিপের সম্ভাব্য লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় বলেই ঠিকাদারেরা আগ্রহ কম দেখাচ্ছেন।সওজ সূত্র জানায়, ২০১১-১২ অর্থবছরে দরপত্রের মাধ্যমে সেতুটির টোল আদায়ের ইজারাদার হিসেবে দায়িত্ব পেয়েছিল মেসার্স জামাল হোসেন। ২০১২ সালের ২৩ জুলাই তাদের মেয়াদ শেষ হলে দুই দফায় প্রায় দুই মাস মেয়াদ বাড়ায় সওজ। এই মেয়াদ শেষ হবে ২৪ সেপ্টেম্বর। ময়মনসিংহের কয়েকজন ঠিকাদার অভিযোগ করেন, এভাবে সময় বাড়ানো নিয়মবহির্ভূত।এ প্রসঙ্গে মোহাম্মদ ইকবাল বলেন, এখানে সরকারি নিয়মের ব্যত্যয় ঘটেনি। ইজারা চুক্তির সময় প্রতিষ্ঠানের সঙ্গে শর্ত ছিল সওজের অনুমোদন সাপেক্ষে বর্ধিত মেয়াদে টোল আদায় চালাতে হবে, যত দিন পর্যন্ত না নতুন করে ইজারাদার নিয়োগ দেওয়া হয়।এদিকে শামীম এন্টারপ্রাইজ, ভাওয়াল কনস্ট্রাকশন ও মেসার্স যমুনা বিল্ডার্সসহ ১০টি ঠিকাদারি প্রতিষ্ঠান সওজের ময়মনসিংহ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ করার লিখিত অভিযোগ করে। অভিযোগের অনুলিপি যোগাযোগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।সওজের ময়মনসিংহ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী চন্দন কুমার তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে বলেন, এসব বানোয়াট। যারা নিজেদের স্বার্থ হাসিল করতে পারে না, তারাই এ রকম মিথ্যা অভিযোগ করে। আর অভিযোগ যেহেতু যোগাযোগ মন্ত্রণালয় বরাবর গেছে, তাই বিষয়টি মন্ত্রণালয় দেখবে।