ময়মনসিংহের শম্ভুগঞ্জে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর ওপর লাগানো ৩০টি বাতির মধ্যে ২৭টিই বিকল হয়ে পড়ে আছে। রাতে অন্ধকার থাকায় প্রায়ই সেতুর ওপর ছিনতাইয়ের ঘটনা ঘটছে। চার মাসের বেশি সময় ধরে বাতিগুলো বিকল থাকলেও কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন।স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৬৮০ মিটার দীর্ঘ এই সেতুটির ওপর দিয়ে ময়মনসিংহের বিভিন্ন উপজেলা ও পাশের শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার মানুষ চলাচল করে। সেতুর দুই পাশের প্রায় সব বাতি বিকল হওয়ার পর ছিনতাইয়ের ভয়ে স্থানীয় লোকজন রাতে সেতুর ওপর দিয়ে চলাচল করতে সাহস পায় না।স্থানীয় রিকশাচালক সাইফুল ইসলাম বলেন, তিন মাস আগে যাত্রী নিয়ে সেতু পার হওয়ার সময় তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা যাত্রীদের মুঠোফোন সেট, টাকাসহ অন্যান্য মালামাল নিয়ে যায়।সেতুর ওপর দিয়ে নিয়মিত চলাচলকারী শম্ভুগঞ্জ এলাকার ব্যবসায়ী মোবারক হোসেন বলেন, সেতুর ওপর অন্ধকার থাকায় রাতে বাড়ি ফেরার সময় রিকশাচালকেরা ভয়ে যেতে চান না।জানতে চাইলে ময়মনসিংহ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী চন্দন কুমার বসাক বলেন, সেতুর ওপর ৩০টি বাতি থাকলেও তারা বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ১০টি বাতি জ্বালানোর ব্যবস্থা রাখেন। আর বর্তমানে বৈদ্যুতিক সংযোগে কারিগরি সমস্যা থাকার কারণে বাতিগুলো বিকল হয়ে রয়েছে।