
ঢাকা মহানগর জেনারেল হাসপাতালে শয্যা খালি পড়ে আছে। হাসপাতালটি সম্পর্কে না জানায় রোগীরা যাচ্ছেন না। প্রচার না থাকায় দিনে দিনে রোগীর সংখ্যাও কমে যাচ্ছে৷
৫০ শয্যার এই হাসপাতালে বর্তমানে চিকিৎসক ও নার্স ৪১ জন। বিভাগ ১৩টি। অথচ দিনে গড়ে ৩০ জন রোগী ভর্তি থাকেন৷ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে আছে এই হাসপাতাল।
চিকিৎসক ও পুরান ঢাকার বাসিন্দাদের অভিযোগ, প্রচার না থাকায় এই হাসপাতালের চিকিৎসাসেবা সম্পর্কে মানুষ তেমন জানে না। এ ছাড়া এখানে রোগী ভর্তি করা যাবে কি যাবে না, এই বিষয়টিও এলাকাবাসীর কাছে পরিষ্কার নয়। ফলে এলাকার মানুষ অসুস্থ হলে এখানে আসতে চান না৷
এদিকে এই হাসপাতালকে ঢাকা মহানগর মহিলা মেডিকেল কলেজ হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে ডিএসসিসি। মেডিকেল কলেজ করা হলে ন্যূনতম শয্যা থাকবে ২৫০টি।
হাসপাতালের পরিচালক আজমল হোসাইন প্রথম আলোকে বলেন, হাসপাতালটি ৫০ শয্যার। দিনে গড়ে পাঁচ থেকে ছয়জন রোগী ভর্তি হন। অনেক সময় রোগীর সংখ্যা বেড়ে যায়। তখন তাঁদের ভর্তি করানো যায় না। চিকিৎসক আছেন মাত্র ১৬ জন। তাই চিকিৎসক ও শয্যাসংখ্যা বাড়ানোর জন্য অনুমোদন দিতে ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে দাপ্তরিকভাবে জানানো হয়েছে।
গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, হাসপাতালের নিচতলায় মেডিসিন, গাইনি ও প্রসূতি, প্যাথলজি, চর্ম ও যৌন, দন্ত এবং নাক, কান ও গলা বিভাগের সামনে চিকিৎসা নিতে অপেক্ষা করছেন পাঁচ থেকে ছয়জন করে রোগী। দ্বিতীয় তলায় সার্জারি পুরুষ ওয়ার্ডে ঘুমাচ্ছেন এক রোগী। ওয়ার্ডের বাকি ১২ বিছানাই ফাঁকা পড়ে আছে। এর পূর্ব পাশে নারী ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন তিনজন। ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন ২৫ থেকে ২৬ জন। ভর্তি রোগীদের সঠিক সংখ্যা হাসপাতালের চিকিৎসক ও নার্সরা প্রতিবেদককে জানাতে অপারগতা প্রকাশ করেছেন। তবে পুরো হাসপাতালের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বলেন, মাঝেমধ্যে হাসপাতালের সব শয্যায় রোগী ভর্তি থাকে। তখন জরুরি রোগী এলেও তাঁদের ভর্তি করানো হয় না৷ তাই আগের তুলনায় এখন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা কমে গেছে৷ হাসপাতালে এখন দিনে গড়ে মাত্র ৩০ জন রোগী ভর্তি থাকেন৷ বহির্বিভাগ থেকে চিকিৎসা নেন ৮০ থেকে ৯০ জন। রোগীদের অধিকাংশই পুরান ঢাকার বাসিন্দা। বংশালের জহির উদ্দিন এসেছেন তাঁর স্ত্রী আমেনা বেগমের চিকিৎসার জন্য হাসপাতালের চর্ম ও যৌন বিভাগে। তিনি বলেন, সরকারি হাসপাতাল হিসেবে চিকিৎসাসেবা ভালো। প্রচারণা না থাকায় এই হাসপাতালের কথা অনেকেই জানেন না। ডিএসসিসি সূত্র জানায়, দরিদ্র মানুষকে চিকিৎসা দিতে ১৯৮৯ সালের ২ জানুয়ারি তিনতলাবিশিষ্ট এই হাসপাতালের উদ্বোধন করা হয়। তখন এর নাম ছিল শ্রমজীবী হাসপাতাল। পরে ডিএসসিসির অধীনে নিয়ে নাম দেওয়া হয়েছে ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল।
ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান বলেন, নিয়ম অনুসারে ৫০ শয্যার এই হাসপাতালে শয্যার বেশি রোগী ভর্তি করা যায় না। তবে এটি মহিলা কলেজ হাসপাতাল হিসেবে অনুমোদন পেলে অন্তত ২৫০ শয্যা করা হবে।