শয্যা নেই বলে রোগী ফেরাচ্ছে হাসপাতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজির ইমার্জেন্সি অপারেশন থিয়েটার তালাবদ্ধ। ছবিটি গতকাল বিকেলের l প্রথম আলো
ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজির ইমার্জেন্সি অপারেশন থিয়েটার তালাবদ্ধ। ছবিটি গতকাল বিকেলের l প্রথম আলো

স্বজনের কাঁধে ভর দিয়ে রোগীরা আসেন জাতীয় কিডনি ও ইউরোলজি ইনস্টিটিউটে। হাসপাতালের বারান্দায় বসে যন্ত্রণায় কাতরান। কর্তৃপক্ষ প্রতিদিন ‘বিছানা খালি নেই’ স্লিপে লিখে এমন রোগীদেরও ফেরায়। দেড় শ শয্যার হাসপাতালে রোগীদের জায়গা হয় না। তবে হাসপাতাল ঘুরে দেখা গেছে, ভেতরে কমপক্ষে আরও ১০০ বিছানা পাতার জায়গা আছে।
হাসপাতালের তথ্য ও অভ্যর্থনা শাখা থেকে জানা গেছে, দেড় শ শয্যার হাসপাতালে দিনে সর্বোচ্চ ২৪ জন পর্যন্ত রোগী ভর্তির রেকর্ড আছে। গড় ভর্তি ৯ থেকে ১৫ জন। হাসপাতালের কয়েকজন চিকিৎসক বলেছেন, ইউরোলজি ও নেফ্রোলজি বিভাগে প্রতিদিন ভর্তিযোগ্য রোগী আসেন ৫০ জন। স্থানাভাবে তাদের ভর্তি করা হয় না। কর্তৃপক্ষের উদ্যোগ ও ইচ্ছে থাকলে রোগীদের এভাবে ফিরে যেতে হতো না।
গতকাল সোমবার হাসপাতালের সিঁড়িতে অপেক্ষা করতে দেখা গেল কুষ্টিয়া থেকে আসা এক নারীকে। কিডনি জটিলতায় ভোগা এই নারী এক বছর ধরে হাসপাতালে যাওয়া-আসা করছেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘একবার আসতি-যাতিই হাজার টাকা খরচ। ছেলে ড্রাইভারি করে। ওর কাছে আসি উঠিছি। একটা সিটের জন্য তিন দিন ঘুরিছি।’
রোগীদের ফিরে যেতে হয় কেন, কত শয্যা হলে আর ফিরতে হবে না, হাসপাতালের কী কী উদ্যোগ আছে, জানতে চাইলে পরিচালক নুরুল হুদা বলেছেন, ‘এটা পলিসি লেভেলের বিষয়। মন্ত্রণালয় আমাকে যেভাবে চালাতে বলবে আমি সেভাবে চালাব। এই সরকারের আমলে ৫০টি শয্যা বাড়ানো হয়েছে। আমি সেখানে রোগী ভর্তি করছি।’ ভবনটি ওপরের দিকে বাড়ানোর একটা প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাব অনুমোদন হলে আরও রোগী ভর্তি করা যাবে বলে তিনি জানান। তবে খালি জায়গাগুলোয় শয্যা বাড়ানোর কোনো উদ্যোগ আছে কি না, সে বিষয়ে সুস্পষ্ট কোনো জবাব পাওয়া যায়নি।
গতকাল কিডনি রোগের চিকিৎসায় দেশের শীর্ষ প্রতিষ্ঠান জাতীয় কিডনি ও ইউরোলজি ইনস্টিটিউটের (নিকডু) নিচতলা থেকে চারতলা পর্যন্ত ঘুরে একাধিক কক্ষ তালাবদ্ধ ও খালি পড়ে থাকতে দেখা গেছে। চতুর্থ তলায় হাসপাতালের পরিচালকের কক্ষ। এই তলায় গ্রন্থাগারের উল্টো পাশে বড় একটি কক্ষ তালাবদ্ধ। ভেতরে স্তূপ করে রাখা যন্ত্রপাতির কার্টনসহ বেশ কিছু বিছানা। এই তলাতেই নিবিড় পরিচর্যাকেন্দ্র। তিনতলায় পরীক্ষাগারের কাছেই বিরাট ‘আর্টিস্ট রুম’। বাইরে সাইনবোর্ডে অবশ্য লেখা আছে ইঞ্জিনিয়ারিং বিভাগ। নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক চিকিৎসক জানান, একসময় চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানে মানবদেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ হাতে এঁকে শিক্ষার্থীদের পড়ানো হতো। কম্পিউটারের বদৌলতে ‘আর্টিস্ট’দের কাজ কমে গেছে। পদগুলো এখনো রয়েছে। দোতলার একটি বড় কক্ষের বাইরে রেনাল এনজিওগ্রাম সাইনবোর্ড দেওয়া। সেই কক্ষে তিনটি চেয়ার আর এক কোণে স্তূপ করে রাখা কয়েকটি বিছানা ছাড়া কিছু নেই। শিশু ওয়ার্ডে ৩৫৩ নম্বর কক্ষও বহুদিন ধরে তালাবদ্ধ। হাসপাতালের এক কর্মী জানান, কক্ষটিতে অনেক দিন আগে তিনি চিকিৎসককে রিপোর্ট দেখতে দেখেছিলেন।
শুধু কক্ষ খালি আছে তা নয়, এই হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) ও জরুরি অস্ত্রোপচার কক্ষ তালাবদ্ধ অবস্থায় দেখা গেছে। এ বিষয়ে পরিচালকের বক্তব্য হলো জনবলের অভাবে তিনি আইসিইউ চালু করতে পারছেন না। জরুরি অস্ত্রোপচার নিয়মিতই হয় বলে দাবি করেছেন তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রতি রাতে শল্য চিকিৎসক ও অবেদনবিদ আসেন। তবে রোগীরা ধরেই নিয়েছেন জরুরি অস্ত্রোপচার শুধু ঢাকা মেডিকেল কলেজেই হয়।’ কক্ষটিতে শেষ কবে অস্ত্রোপচার হয়েছে সে ব্যাপারে অবশ্য তিনি তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি। রোগী না থাকলে কক্ষ তালাবদ্ধ থাকে বলে তিনি জানান।