শয্যা নেই বারান্দায় ঠাঁই খাবার ওষুধ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শয্যার অভাবে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি শতাধিক রোগী বারান্দা ও মেঝেতে থেকে চিকিৎসা নিচ্ছেন। শয্যা না পাওয়ায় তারা হাসপাতাল থেকে খাবার ও ওষুধ পাচ্ছেন না। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, শয্যার অতিরিক্ত রোগীর জন্য ওষুধ ও খাবারের বরাদ্দ নেই। তবে খাবার দেওয়া সম্ভব না হলেও অনেক রোগীকে কিছু ওষুধ দেওয়া হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, ৫০ শয্যার হাসপাতালটি ১৯৯৭ সালের ২৭ জুন তৎকালীন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ১০০ শয্যার হাসপাতাল হিসেবে ঘোষণা দেন। কিন্তু ১৩ বছরেও হাসপাতালের অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি এবং বাড়ানো হয়নি লোকবল। ৫০ শয্যার হাসপাতালটি প্রদত্ত সুবিধা অনুযায়ী এখনো চলছে। সরেজমিন ঘুরে দেখা গেছে, হাসপাতালের বহির্বিভাগের সামনে দীর্ঘ লাইন। সূত্র জানায়, প্রতিদিন বহির্বিভাগে প্রায় এক হাজার রোগী চিকিৎসা নেন। কিন্তু প্রয়োজনীয় সব ওষুধ এখান থেকে পাচ্ছেন না অধিকাংশ রোগী। হাসপাতালে ভর্তি থাকা রোগীদের চিত্রও একই রকম। শয্যা না পেয়ে শতাধিক নারী-পুরুষ ও শিশু হাসপাতালের বারান্দায় এবং মেঝেতে থেকে চিকিৎসা নিচ্ছেন। গত শনিবার হাসপাতালের ৩ নম্বর ওয়ার্ডের মেঝেতে চিকিৎসাধীন শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামের রাশেদা খাতুন (১৮) জানান, ১৭ আগস্ট ভর্তি হওয়ার পর থেকে শয্যা না পাওয়ায় তাকে হাসপাতাল থেকে ওষুধ ও খাবার দেওয়া হচ্ছে না। একই রকম অভিযোগ করলেন হাসপাতালের বারান্দায় চিকিৎসাধীন ছন্দারানী মণ্ডল (৬০) ও রত্না বেগম (৩৫)। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মারুফ হাসান জানান, ৫০ শয্যার হাসপাতালটি ১০০ শয্যা করা হলেও সব কিছুই চলছে ৫০ শয্যার অনুপাতে। শুধু ১০০ জন রোগীর খাবার সরবরাহ করা হয়। অথচ প্রতিদিন গড়ে এ হাসপাতালে ২০০ জন রোগী ভর্তি থাকেন। বহির্বিভাগে প্রতিদিন গড়ে এক হাজার রোগী দেখতে হয়। বহির্বিভাগে রোগীর জন্য কোনো ওষুধ বরাদ্দ নেই। ফলে ভর্তি থাকা রোগীদের জন্য বরাদ্দকৃত ওষুধ থেকে বহির্বিভাগের রোগীদের কিছু ওষুধ দেওয়া হয়।