সাত বছর আগে ৫০ শয্যায় রূপান্তরিত হলেও ৩১ শয্যার জনবল ও যন্ত্রপাতি দিয়ে চলছে কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ২০০৬ সালে তৎকালীন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নীত করার নির্দেশ দেওয়া হয়। এরপর ভবন নির্মাণ করা হলেও সেখানে পর্যাপ্ত জনবল নিয়োগ ও সরঞ্জাম দেওয়া হয়নি।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সামসুজ্জাহান রকিবুন্নেছা চৌধুরী জানান, হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত করা হলেও এটি চলছে ৩১ শয্যার জনবল দিয়ে। তিনি জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২৯টি পদের ১৮টি শূন্য। সেবক-সেবিকার ১৫টি পদ থাকলেও শূন্য ১৩টি এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ১১১টি পদের মধ্যে শূন্য ৪২টি।সামসুজ্জাহান রকিবুন্নেছা চৌধুরী জানান, এক্স-রে যন্ত্র থাকলেও রেডিওগ্রাফারের অভাবে সেটি নষ্ট হতে চলছে। অ্যাম্বুলেন্স থাকলেও বেশির ভাগ সময় নষ্ট থাকায় যথাসময়ে রোগীরা ব্যবহার করতে পারছে না। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে।চিকিৎসক টিটু চন্দ্র শীল বলেন, ‘পর্যাপ্ত জনবল না থাকায় চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের পাশাপাশি চিকিৎসকদেরও নানা সমস্যায় পড়তে হয়। অনেক সময় রোগীদের সেবা দিতে গিয়ে নিজেই অসুস্থ হয়ে পড়ি।’পৌরসভার প্যানেল মেয়র-২ আবদুল্লাহ মনির বলেন, উপজেলার প্রায় আড়াই লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসা স্বাস্থ্য কমপ্লেক্সটি। কিন্তু পর্যাপ্ত সেবা না পাওয়ায় অনেকে ৮৯ কিলোমিটার দূরে কক্সবাজার শহরে গিয়ে চিকিৎসা নেন। তিনি হাসপাতালের শূন্য পদগুলো দ্রুত পূরণের দাবি জানান।