শয্যা-মেঝে বারান্দাজুড়ে শিশু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১০ নম্বর মডেল ওয়ার্ডে মানবেতর অবস্থায় আছে শিশুরা। একই বিছানায় চার-পাঁচজন করে শিশুর জায়গা হয়েছে। মেঝেতেও ঠাঁই হয়েছে শিশুদের। সেখানে পা ফেলা দায়। হাসপাতালের এই ওয়ার্ডটি মডেল ওয়ার্ড। এখানে ২৬টি সাধারণ শয্যা রয়েছে। এর বিপরীতে গত সোমবার ৭৭ জন শিশুকে ভর্তি পাওয়া গেছে। ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর অভিভাবকেরা জানান, ওয়ার্ডের এই অবস্থা নিত্যদিনের। এখানে এক শয্যায় চার-পাঁচজন পর্যন্ত শিশুকে রাখা হয়েছে। অপেক্ষাকৃত বড় শিশুদের জায়গা হয়েছে মেঝে ও বারান্দায়। ওয়ার্ডে অসুস্থ শিশুকে নিয়ে ২০ দিন ধরে আছেন রাজশাহীর বাঘা উপজেলার আলমগীর হোসেন। তিনি জানান, তাঁর স্ত্রীর অস্ত্রোপচারে বাচ্চা হয়েছে। এত দিন ধরে তাঁরা শিশুকে নিয়ে এই ওয়ার্ডেই আছেন। তাঁর বাচ্চার বিছানায় আরও তিনটি বাচ্চা রয়েছে। এই অবস্থায় প্রায় দাঁড়িয়ে-বসে কোনো রকমে দিন-রাত পার করতে হচ্ছে। আলমগীর আরও জানান, এই ওয়ার্ডের বাথরুমে ঢুকতে গেলে নাড়িভুঁড়ি উল্টে আসে। অস্ত্রোপচারের কারণে তাঁর স্ত্রী তিনতলা থেকে নিচে নামতে পারছেন না। এ জন্য তাঁকে দীর্ঘদিন ধরে গোসল না করেই কাটাতে হচ্ছে। নয় দিন ধরে এই ওয়ার্ডে বাচ্চা নিয়ে আছেন রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহের হনুফা বেগম। তিনি বলেন, ‘আমার বাচ্চা কোনো দিন এ রকম পরিবেশ দেখেনি। গিজগিজ করা মানুষের ভিড় আর চেঁচামেচিতে আমার বাচ্চা আতঙ্কিত হয়ে পড়ছে।’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এনিমেল হাজবেন্ড্রি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক রোকেয়া সুলতানা বলেন, তিনি তাঁর বাচ্চাকে নিয়ে ছয় দিন ধরে এই ওয়ার্ডে রয়েছেন। এখানে শিশুদের চিকিৎসার পরিবেশ নেই। শিশুরা যেভাবে অসুস্থ হয়ে এখানে আসছে তাতে শয্যা বাড়ানোর কোনো বিকল্প নেই। তিনি বলেন, বাথরুমের সমস্যা এই ওয়ার্ডের অন্যতম সমস্যা। সুইপারদের পরিষ্কার করতে বললে তারা বলছে, পর্যাপ্ত পানি না থাকায় তারা ঠিকমতো পরিষ্কার করতে পারছে না। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দীন বলেন, ৫০০ শয্যার চেয়ে বড় হাসপাতাল একসঙ্গে হওয়া উচিত নয়। এর বেশি শয্যা করতে হলে আলাদা করে করা উচিত। তার মধ্যে এখানে যে পরিমাণ শয্যার সংখ্যা, তার চেয়ে রোগীর সংখ্যা প্রতিদিনই অনেক বেশি থাকে। আবার রোগীর অনুপাতে জনবলও নেই।