শয্যা ১৫০ থেকে ২৫০ জনবল আর বাড়েনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের শয্যা ২৫০-এ উন্নীত হলেও বাড়তি জনবল নিয়োগের অনুমোদন দেওয়া হয়নি। ৮০ শয্যার জনবল দিয়ে চলছে হাসপাতালটি। চিকিৎসক ও নার্স-সংকটের কারণে ভোগান্তির শিকার হচ্ছে রোগীরা। মন্ত্রণালয়ের রশি টানাটানির কারণে জনবল অনুমোদন থমকে রয়েছে বলে জানা গেছে।জানা গেছে, জেনারেল হাসপাতালটি গত ফেব্রুয়ারিতে ১৫০ থেকে ২৫০ শয্যায় উন্নীত করা হয়। এখানে এখনো ১৫০ শয্যার জনবলও অনুমোদিত হয়নি। এ কারণে ১৯৮৬ সালের জনবল কাঠামো দিয়ে ২৫০ শয্যার কার্যক্রম চালানো হচ্ছে। প্রসঙ্গত, ১৯৮৬ সালে হাসপাতালটিতে ৮০ শয্যা চালু করা হয়েছিল। এরপর ২০০৩ সালে এটিকে ১৫০ শয্যায় উন্নীত করা হয়।২৫০ শয্যায় উন্নীতকরণের সময় মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল, নতুন জনবল নিয়োগ না হওয়া পর্যন্ত আগের লোকজন দিয়ে ২৫০ শয্যার কার্যক্রম চালানো হবে। তবে জনবল অনুমোদন না পেলেও শুরু থেকে ওষুধ ও রোগীর খাবার বরাদ্দ হয়ে আসছে। কিন্তু জনবল অনুমোদনের প্রক্রিয়া থমকে রয়েছে।২৫০ শয্যায় উন্নীত হওয়ার পর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকেই এটির কার্যক্রম শুরু করা হয়। স্বল্পসংখ্যক জনবল দিয়ে স্ত্রী ও প্রসূতি, মেডিসিন, শিশুস্বাস্থ্য, চর্ম ও যৌন, অর্থোপেডিক, নাক-কান-গলা, চক্ষু, জরুরি চিকিৎসাসহ নয়টি বিভাগ খোলা হয়। হাসপাতালটিতে তিনটি অস্ত্রোপচার কক্ষও রয়েছে।৮০ শয্যার জনবল কাঠামো অনুযায়ী বর্তমানে এখানে ৯১ জন কর্মরত রয়েছেন। এঁদের মধ্যে ৩০ জন চিকিৎসক। ১৫০ শয্যার জনবল কাঠামো অনুযায়ী এখানে কর্মকর্তা-কর্মচারী থাকার কথা ১৯৭ জন। সে হিসেবে ১৫০ শয্যার উপযোগী জনবল কাঠামোর জন্য দরকার আরও ১০৬ জন।সিভিল সার্জন মো. আবু তৈয়ব বলেন, ‘আমরা এখনো ১৫০ শয্যার জনবল পাইনি। ১৫০ শয্যার জনবলের প্রস্তাবটি এখন অর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়ন শাখায় অনুমোদনের অপেক্ষায় রয়েছে। কিন্তু ১০৬ জনের জনবল থেকে ১৬ জন কমিয়ে তা ৯০ জন করা হয়েছে। এটি পাওয়া গেলেও আমাদের মোটামুটি কাজ চলত।’জানা গেছে, ১৫০ শয্যার জনবল প্রস্তাবটি প্রথমে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যায়। সেখান থেকে সংস্থাপন হয়ে এটি অর্থ মন্ত্রণালয়ে যায়। অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদিত হয়ে এটি আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে যাবে। এরপর সচিব কমিটি অনুমোদন দিলে জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। পূর্ণাঙ্গ অনুমোদন ও জনবল নিয়োগ দিতে আরও ছয় মাস থেকে এক বছর লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় বর্তমানে বিভিন্ন জায়গা থেকে প্রেষণে জনবল এনে জেনারেল হাসপাতালের কাজ চালানো হচ্ছে বলে জানা গেছে।