শয্যা ৫০, চিকিৎসক তিনজন
দাপ্তরিকভাবে হাসপাতালটিতে কর্মরত আছেন ছয়জন চিকিৎসক। কিন্তু কয়েক দিন ধরে এখানে দায়িত্ব পালন করছেন তিনজন। এতে এখানে চিকিৎসাসেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক রোগী এখানে এসে যথাযথ সেবা না পেয়ে ফিরে যাচ্ছে।সেবার এ করুণ পরিস্থিতি বিরাজ করছে কক্সবাজারের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এটি ২০০৬ সালে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু সে অনুযায়ী লোকবল নিয়োগ দেওয়া হয়নি। তাই এখানে ৫০ শয্যার সেবা কার্যক্রম এখনো শুরু করা সম্ভব হয়নি। উপরন্তু ৩১ শয্যার জনবল কাঠামো অনুযায়ী নয়জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছেন মাত্র তিনজন। গাইনিসহ (স্ত্রীরোগ) এখানে অনেক গুরুত্বপূর্ণ পদে চিকিৎসক নেই।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠার ২৯ বছর পর ২০১০ সালের ডিসেম্বর মাসে এখানে একজন গাইনি চিকিৎসক দেওয়া হয়েছিল। কিন্তু তিনি দুই মাস পর বদলি হয়ে অন্যত্র চলে যান। এ কারণে হাসপাতালে প্রসূতিসেবা বন্ধ রয়েছে।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুল মাবুদ বলেন, কাগজে-কলমে কর্মরত আছেন ছয়জন। কিন্তু গত বুধবার কর্মস্থলে ছিলেন মাত্র তিনজন চিকিৎসক। বাকি তিনজনের মধ্যে জুনিয়র কনসালট্যান্ট (চর্ম ও যৌন) মোহাম্মদ জিয়াউর রহমান রবি, সোম ও মঙ্গলবার অফিস করেন। বাকি তিন দিন হাসপাতালে আসেন না। আর এডহক ভিত্তিতে দুই চিকিৎসকের মধ্যে একজন ঢাকায় দুই বছরের প্রশিক্ষণে আছেন। অপরজন আছেন ছুটিতে।বুধবার সকালে হাসপাতালে গিয়ে দেখা গেছে, বহির্বিভাগে রোগীদের দীর্ঘ লাইন। একটি টিকিট পাওয়ার আশায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছে রোগীরা। আন্তবিভাগে ভর্তি হওয়া রোগীরা শয্যা না পেয়ে মেঝেয় বসে চিকিৎসা নিচ্ছে। আর চিকিৎসক সুমন সেন ও আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহফুজুল হক এখানে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন।ইউনুছখালি এলাকার বাসিন্দা খতিজা বেগম জানান, এই হাসপাতালে প্রসূতিসেবার কার্যক্রম নেই। এ কারণে হাসপাতালে প্রসূতি রোগীরা সেবা নিতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়ে দেন।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, চিকিৎসক-সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ৫০ শয্যার কাঠামো অনুযায়ী লোকবল নিয়োগের বিষয়ে বেশ কয়েকবার স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।