যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ করে নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছে ‘জনউদ্যোগ’ নামের একটি সামাজিক সংগঠন। গতকাল শনিবার যশোর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
এ সময় নতুন ভবন নির্মাণের জন্য এক মাসের সময় বেঁধে দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে রোগীদের শয্যাসংকট সমাধানে কার্যকরী ব্যবস্থা না নিলে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি করা হয়েছে। আগামীকাল সোমবার যশোর জেলা প্রশাসনের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রীর কাছে এ বিষয়ে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিবি যশোর জেলা শাখার সভাপতি আবুল হোসেন, আয়োজক সংগঠনের আহ্বায়ক এম আর খায়রুল উমাম, ট্রেড ইউনিয়ন কেন্দ্র যশোরের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, বাংলাদেশ মহিলা পরিষদের জেলা সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য, সাংবাদিক রুকুন-উদ-দৌলাহ, আইনজীবী মাসুমা খাতুন প্রমুখ।
সংবাদ সম্মেলনে বলা হয়েছে, যশোর জেনারেল হাসপাতালে প্রতিদিন দুই হাজারের বেশি রোগী বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছে। ২৫০ শয্যার এ হাসপাতালে সব সময় অন্তত ৪৫০ জন রোগী ভর্তি থাকে। তিনটি ওয়ার্ডের একটি ভবন ইতিমধ্যে জরাজীর্ণ হয়ে পড়েছে। গণপূর্ত অধিদপ্তর ইতিমধ্যে ভবনটি ব্যবহার না করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে। এরপর ওই ভবন থেকে অন্তত ২০০ জন রোগী সরিয়ে আরেকটি ভবনের সংকীর্ণ জায়গায় নিয়ে রাখা হয়েছে। হাসপাতালে শয্যা সমস্যা প্রকট আকার ধারণ করেছে। রোগীরা ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না।