শয্যাসংকটে বারান্দায় চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর সদর হাসপাতাল ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত করা হয়েছে প্রায় তিন বছর আগে। কিন্তু আজও এই হাসপাতালের কার্যক্রম চলছে ৫০ শয্যার লোকবল দিয়ে। উপরন্তু মেডিকেল অফিসারসহ বেশ কয়েকটি বিশেষজ্ঞের পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় এখানে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। একই সঙ্গে শয্যাসংকটের কারণে প্রতিদিন অনেক রোগী বারান্দায় বিছানা পেতে চিকিৎসা নিচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শেরপুর জেলার প্রায় ১৫ লাখ মানুষ ছাড়াও পাশের জামালপুর জেলার বকশীগঞ্জ এবং কুড়িগ্রাম জেলার রাজীবপুর ও রৌমারী উপজেলার বিপুলসংখ্যক মানুষ চিকিৎসাসেবা নেওয়ার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে আসে। কিন্তু নানা কারণে তারা এখানে এসে যথাযথ চিকিৎসাসেবা পাচ্ছে না। এখানে বিশেষজ্ঞসহ প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, সেবিকা ও কর্মচারী নেই। প্রায় এক বছর আগে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে ১০০ শয্যাবিশিষ্ট এ হাসপাতালের রাজস্ব খাতের ৩৪টি পদ সৃষ্টি করা হলেও এসব পদে এখন পর্যন্ত লোকবল নিয়োগ করা হয়নি। হাসপাতাল সূত্রে জানা গেছে, এই হাসপাতালের অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্যেষ্ঠ বিশেষজ্ঞ (মেডিসিন) পদ আট বছর ধরে শূন্য রয়েছে। এ ছাড়া দীর্ঘদিন ধরে চক্ষু, নাক-কান-গলা (ইএনটি), প্যাথলজি, রেডিওলজি ও অ্যানেসথেসিয়া বিভাগের জ্যেষ্ঠ বিশেষজ্ঞ ও আবাসিক চিকিৎসকের পদও দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, এই হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে তিন শতাধিক রোগী চিকিৎসা নিতে আসে। কিন্তু অধিকাংশ রোগীকেই শুধু ব্যবস্থাপত্র লিখে হাতে ধরিয়ে দেওয়া হয়। তাদের প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয় না। হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, হাসপাতালের অন্তর্বিভাগে গড়ে প্রতিদিন ১৫০ জন রোগী ভর্তি থাকে। শয্যা ছাড়াও অন্তর্বিভাগের মেঝে এমনকি বারান্দায়ও রোগীদের শুয়ে চিকিৎসা নিতে হয়। এ ছাড়া ভর্তি হওয়া অতিরিক্ত রোগীদের নির্ধারিত ১০০ জন রোগীর খাবার থেকে ভাগ করে দেওয়া হয়। ফলে তাদের মধ্যে পরিবেশন করা খাবারও হয় বেশ নিম্নমানের। নালিতাবাড়ী উপজেলার কলসপাড় গ্রামের মো. জাফর আলী বলেন, ২৫ জানুয়ারি তিনি তাঁর মেয়েকে হাসপাতালে ভর্তি করেন। শয্যা না পাওয়ায় হাসপাতালের বারান্দাতেই তার মেয়ের চিকিৎসা দেওয়া হচ্ছে। মৌসুমির পাশের আরেক রোগী শেরপুর সদর উপজেলার চান্দের নগর মুসলিমপাড়া গ্রামের সাবিনা ইয়াসমিন (২২) বলেন, দুই দিন ধরে গাইনি ওয়ার্ডে ভর্তি হলেও শয্যার অভাবে হাসপাতালের বারান্দাতেই চিকিৎসা নিচ্ছেন তিনি। শেরপুরের সিভিল সার্জন ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মুহাম্মদ জয়নুল আবেদীন তালুকদার বলেন, তিনি বিশেষজ্ঞ চিকিৎসক ও শূন্যপদগুলো দ্রুত পূরণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন।