শয্যাসংখ্যা বাড়লেও চিকিৎসক বাড়েনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদর হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হয়েছে। কিন্তু ১৪ বছরেও চাহিদা অনুযায়ী জনবল নিয়োগ দেওয়া হয়নি। চালু হয়নি জরুরি চিকিৎসা কর্মকর্তার (ইএমও) পদ। বর্তমানে ৫০ শয্যার জনবলও না থাকায় হাসপাতালে চিকিৎসাসেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত ৫০ শয্যার হাসপাতালটি ২০০৩ সালে ১০০ শয্যায় উন্নীত করা হয়। তখন থেকে শয্যা অনুযায়ী শুধু ওষুধ-পথ্য সরবরাহের অনুমোদন দেওয়া হয়। ১০০ শয্যার অনুকূলে চিকিৎসকসহ জনবল অনুমোদন প্রাপ্তির জন্য সিভিল সার্জনের পক্ষ থেকে মন্ত্রণালয়ে দফায় দফায় পত্র দেওয়া হলেও কার্যত কোনো লাভ হয়নি।

হাসপাতাল কার্যালয় সূত্রে জানা গেছে, ৫০ শয্যা হিসেবে বর্তমানে একজন তত্ত্বাবধায়ক, ছয়জন জ্যেষ্ঠ পরামর্শক, পাঁচজন কনিষ্ঠ পরামর্শক, একজন আবাসিক চিকিৎসা কর্মকর্তা, ছয়জন চিকিৎসা কর্মকর্তা, একজন দন্ত বিশেষজ্ঞ ও একজন হোমিও চিকিৎসা কর্মকর্তা নিয়ে ২১টি পদ রয়েছে। যার মধ্যে তত্ত্বাবধায়ক, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও), দুজন জ্যেষ্ঠ পরামর্শক (গাইনি ও অবেদনবিদ) এবং নাক, কান ও গলা বিভাগের (ইএনটি) জুনিয়র কনসালট্যান্টের পদ শূন্য রয়েছে দীর্ঘদিন। চিকিৎসা কর্মকর্তা মো. মাসুদ রানা সম্প্রতি পদোন্নতি পেয়ে বদলি হলেও শূন্য পদে পদায়ন করা হয়নি। এ ছাড়া সিনিয়র কনসালট্যান্ট (শিশু) লিয়াকত আলী মোল্লা ও সিনিয়র কনসালট্যান্ট (অর্থো-সার্জারি) খন্দকার শাহজাহান আলী ছুটিতে রয়েছেন। বর্তমানে মাত্র ১৩ জন চিকিৎসক কর্মরত। এ ছাড়া ছয়জন নার্স ও ১০ জন কর্মচারীর পদ শূন্য রয়েছে।

প্রস্তাব অনুযায়ী ১০০ শয্যার হাসপাতালে একজন তত্ত্বাবধায়ক, ১০ জন সিনিয়র কনসালট্যান্ট, ১১ জন জুনিয়র কনসালট্যান্ট, একজন আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও), ছয়জন চিকিৎসা কর্মকর্তা, ১১ জন সহকারী সার্জন, একজন দন্ত বিশেষজ্ঞ (ডেন্টাল সার্জন) ও একজন চিকিৎসা কর্মকর্তার (হোমিও) পদ রয়েছে। এই ৪২ জন চিকিৎসক ছাড়াও ১০৮ কর্মকর্তা-কর্মচারী (নার্সসহ) থাকার কথা।

হাসপাতালটিতে ইএমও পদের অনুমোদন নেই। কর্মকর্তারা বলেন, ১৯৯৮ সালের ৩ আগস্ট তিনজন ইএমওর পদ সৃষ্টি করে তিনজন চিকিৎসককে পদায়ন করা হয়েছিল। কিন্তু অজ্ঞাত কারণে ২০০১ সালের ১০ ডিসেম্বর তা বিলুপ্ত করা হয়।

গত শনিবার বেলা ১১টায় সরেজমিনে দেখা যায়, হাসপাতালের প্রবেশমুখ থেকে শুরু করে সবখানেই রোগী ও স্বজনদের উপচে পড়া ভিড়। জরুরি বিভাগে চিকিৎসা কর্মকর্তা শিরীন জেবীনকে ঘিরে রেখেছেন অন্তত ২০ জন রোগী। জ্যেষ্ঠ নার্স শিউলী খাতুন তাঁকে সহযোগিতা করছেন। বহির্বিভাগে প্রতিটি চিকিৎসকের কক্ষের ভেতর-বাইরে বহু রোগী। দুপুর ১২টায় শিশু ওয়ার্ডের সামনে অপেক্ষমাণ রোগীর স্বজন আলমডাঙ্গা উপজেলার নানবার গ্রামের তহমিনা খাতুন বলেন, ‘সকাল নয়টায় আইসেও একুনো ডাক্তারের ঘরে ঢুকতি পারিনি।’ এদিন বেলা দুইটা পর্যন্ত বহির্বিভাগে ২৫০ পুরুষ, ২৩৩ নারী ও ১৫৫টি শিশুকে চিকিৎসা দেওয়া হয়। অন্তর্বিভাগে এ সময় ১০০ শয্যার বিপরীতে ২০০ রোগী চিকিৎসাধীন ছিল। জরুরি বিভাগেও দুই শতাধিক রোগীর চিকিৎসা দেওয়া হয়। জরুরি বিভাগ, বহির্বিভাগ ও অন্তর্বিভাগে সব মিলিয়ে সহস্রাধিক রোগীকে সামলাতে ১৩ জন চিকিৎসকের হিমশিম অবস্থা।

 ভারপ্রাপ্ত আরএমও রাজীবুল ইসলাম বলেন, সীমিত চিকিৎসকসহ জনবল দিয়ে অন্তর্বিভাগ ও বহির্বিভাগের পাশাপাশি জরুরি বিভাগ চালাতে গিয়ে প্রায়ই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। চিকিৎসক ও কর্মচারীরা রোগীর স্বজনদের কাছে লাঞ্ছিত হচ্ছেন। এই সংকট দ্রুত দূর হওয়া প্রয়োজন।