শয্যায় ঘুমায় কুকুর, চাদর পায় না রোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যায় রাতে কুকুর ঘুমায়। আর রোগীদের জন্য বিছানার চাদর মেলে না। বিদ্যুৎ না থাকলে রোগীরা মোমবাতি কিনে জ্বালায়। খাদ্য সরবরাহে রয়েছে নানা অনিয়মের অভিযোগ।রোগীরা অভিযোগ করে জানায়, চিকিৎসকদের দেখা পাওয়া যায় না।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ১৯২৪ সালে স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রতিষ্ঠিত হয়। ১০ শয্যার এ হাসপাতালে নয়জন চিকিৎসক ও তিনটি উপস্বাস্থ্য কেন্দ্রের তিনজন চিকিৎসকসহ ১২ জন চিকিৎসক থাকার কথা। কিন্তু এখন আছেন মাত্র তিনজন। এর মধ্যে ১৭ এপ্রিল থেকে দুজন চিকিৎসক ১৪ দিনের কম্পিউটার প্রশিক্ষণে ঢাকায় রয়েছেন। তাই এখন চিকিৎসা সহকারীরা রোগীদের সেবা দিচ্ছেন। নয়টি সেবিকার পদ থাকলেও কর্মস্থলে আছেন পাঁচজন। বাকি চারজন সেবিকার মধ্যে দুজন প্রেষণে ও দুজন একাডেমিক শিক্ষায় রয়েছেন। ২০০৪ সালে পার্বত্য জেলা পরিষদ থেকে একটি এক্স-রে যন্ত্র দেওয়া হলেও কারিগরি সমস্যার কারণে এটি বাক্সবন্দী হয়ে পড়ে আছে। একটি অ্যাম্বুলেন্স থাকলেও চালক অসুস্থ থাকায় দুই সপ্তাহ ধরে এটি গ্যারেজে পড়ে আছে। সরেজমিনে ও রোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৯ এপ্রিল রাতে নিদর্শন চাকমা নামের একজন রোগীকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে শয্যার চাদর পাওয়া যায়নি। ১৮ এপ্রিল রাত ১০টার দিকে ওয়ার্ডে গিয়ে দেখা যায়, একটি শয্যার তোষক মেঝেতে নামানো। এর ওপর একটি কুকুর ঘুমিয়ে আছে।২০ এপ্রিল স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কথা হয় রোগী মঙ্গলা রঞ্জন চাকমার (৬০) সঙ্গে। ১৯ এপ্রিল বিকেলে তিনি ভর্তি হন এখানে। তিনি জানান, এখনও তিনি চিকিৎসকের দেখা পাননি। রাতে নিজের খরচে মোমবাতি কিনে জ্বালিয়েছেন।রুপায়ন চাকমা জানান, বিছানার চাদর দেওয়া হয়নি। প্রিয় রানী চাকমা, জহুরা সোবাহান, যুব মায়া চাকমা বলেন, ‘অনেক অনুরোধ করেও একটি বিছানার চাদর পাইনি। সময়মতো খাদ্য সরবরাহ করা হয় না।’ প্রায় একই অভিযোগ করল ভর্তি হওয়া ১৩ জন রোগী।মশালচি (খাদ্য প্রস্তুতকারী) মঞ্জু রানী চক্রবর্তী অভিযোগ করেন, অনেক সময় ১০টা বেজে যায়, তবুও খাদ্য সরবরাহকারী ঠিকাদার সকালের নাস্তাই সরবরাহ করতে পারেন না। দুপুর সাড়ে ১২টায় রোগীদের জন্য বাজার থেকে খাদ্য সরবরাহ করা হয়। কোনো কোনো সময় আবার এর কোনো হদিস থাকে না।মঞ্জু রানী জানান, সপ্তাহে তিন দিন রোগীদের মাংস দেওয়ার কথা থাকলেও ২০ এপ্রিল পর্যন্ত ঠিকাদার একদিনও মাংস সরবরাহ করেননি। কর্তব্যরত সেবিকা সেন্টি চাকমা ও মায়া রানী চাকমা অভিযোগ করেন, ঠিকাদার সময়মতো বিছানার চাদর ধুয়ে সরবরাহ করেন না। খাদ্য সরবরাহ ও বিছানার চাদরসহ আনুষঙ্গিক জিনিসপত্র ঠিক সময়ে সরবরাহের জন্য ঠিকাদারকে বারবার অনুরোধ করা হয়। কিন্তু তিনি কর্ণপাত করেন না।ঠিকাদার নন্দু কুমার দে বলেন, ধোপা ঠিকমতো বিছানার চাদর ধুয়ে দিতে পারছেন না। খাদ্য সরবরাহ প্রসঙ্গে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও আবাসিক চিকিৎসা কর্মকর্তার দায়িত্বে থাকা শহীদুল ইসলাম বলেন, ‘ওয়ার্ড পরিদর্শনে তেমন যাই না। তাই অনিয়ম ও অব্যবস্থাপনা সম্পর্কে জানা নেই। মাসে মাসে আমার কাছে বিল নিয়ে আসে। আমি কাগজপত্র দেখে স্বাক্ষর করে দিই।’ চিকিৎসক না থাকা প্রসঙ্গে তিনি জানান, চিকিৎসক নেই, দেওয়া হয় না। কী করার আছে!