
চাঁদপুর সরকারি হাসপাতালকে ৫০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করা হলেও শয্যা-সংকট রয়েই গেছে। এখনো এ সমস্যার কারণে রোগীদের ওয়ার্ডের মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। এ ছাড়া চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীর সংকটে এখানে সেবা ব্যাহত হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগে গড়ে ৮০০ রোগী চিকিৎসা নিচ্ছেন। প্রতিদিন গড়ে ১০০ রোগী ভর্তি হচ্ছেন। নতুন ও পুরোনো মিলে প্রতিদিন ২৫০ শয্যার বিপরীতে ৩৫০ জন্য রোগী চিকিৎসা নেন।
গত দুই দিন সরেজমিন দেখা যায়, হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে গাদাগাদি করে রোগীরা চিকিৎসা নিচ্ছেন। শিশু ওয়ার্ড, মহিলা ওয়ার্ড ও সাধারণ ওয়ার্ডে শয্যার চেয়ে রোগী বেশি হওয়ায় অনেককে মেঝেতে শয্যা পেতে থাকতে হচ্ছে।
হাসপাতালের সহকারী পরিচালক ফারুক ভূঁইয়া বলেন, চিকিৎসা নিতে আসা ৩০ শতাংশ রোগী আসেন পাশের শরীয়তপুর জেলার বিভিন্ন চরাঞ্চল থেকে। বাকি রোগীরা আসেন চাঁদপুর জেলার বিভিন্ন স্থান থেকে।
হাসপাতালের কার্যালয় সূত্রে জানা গেছে, হাসপাতালে ৬৫ জন চিকিৎসক থাকার কথা। কিন্তু আছেন মাত্র ৪২ জন। নার্স থাকার কথা ১১৩ জন। আছেন ৮৭ জন। এর মধ্যে চক্ষুচিকিৎসকের গুরুত্বপূর্ণ পদটি দীর্ঘ এক বছর ধরে শূন্য। এ ছাড়া জুনিয়র কনসালট্যান্ট (শিশু), জুনিয়র কনসালট্যান্ট (দন্ত), জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া), আবাসিক চিকিৎসা কর্মকর্তা, প্যাথলজিস্ট, রেডিওলজিস্টসহ চিকিৎসকের ২৩টি পদ শূন্য।
হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন চাঁদপুর সদর উপজেলার পিংরা বাজার এলাকার ফাতেমা বেগম। গতকাল রাতে স্বামী মুক্তার হোসেন বলেন, ‘এত বড় হাসপাতাল, কিন্তু সিট না পেয়ে হাসপাতালের ফ্লোরে থেকে চিকিৎসা নিতে হচ্ছে।’
ফরাবাদ এলাকার রানী বেগম বলেন, ‘আমার শিশুসন্তান মাহিনকে (১) নিয়ে চার দিন ধরে ফ্লোরে আছি। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কোনো সিট দিতে পারছে না। এতে করে আমার বাচ্চা আরও অসুস্থ হয়ে পড়ছে।’
হাসপাতালে দুটি অস্ত্রোপচারকক্ষ থাকলেও সেখানে অস্ত্রোপচারের জন্য জরুরি কিছু যন্ত্রপাতি নেই। বিশেষ করে প্রতি সপ্তাহে হাড়ে ব্যথা বা হাড় ভেঙে গেছে এমন ৮ থেকে ১০ জনের রোগীর অস্ত্রোপচার করা হয়। সিএআরএম যন্ত্রটি প্রায় চার মাস ধরে অচল থাকায় এ ধরনের রোগীর ঠিকভাবে চিকিৎসাসেবা দেওয়া যাচ্ছে না।
হাসপাতালের আরএমও আসিবুল হাসান চৌধুরী বলেন, জরুরি বিভাগে প্রতিদিন শতাধিক ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়। এ জন্য তিন পালায় মাত্র ছয়জন ব্রাদার কাজ করেন। এখানে আরও বেশি ব্রাদার থাকা প্রয়োজন।
হাসপাতালে দুটি অ্যাম্বুলেন্স থাকলেও প্রায়ই সেগুলো অচল থাকে। অ্যাম্বুলেন্সচালক মফিজুল ইসলাম বলেন, ২০০৫ ও ২০০৯ সালে দুটি অ্যাম্বুলেন্স দেওয়া হলেও এখন সেগুলো প্রায় অচল। কোনোমতে সচল করে রোগীকে ঢাকা বা কুমিল্লা নিতে গিয়ে বিপাকে পড়তে হয় তাঁদের।
হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রদীপ কুমার দত্ত বলেন, ‘সব সময় শয্যার চেয়ে প্রায় দ্বিগুণ রোগীকে সেবা দেওয়া হচ্ছে। কিন্তু বর্তমানে এই হাসপাতালে চিকিৎসক, নার্সসহ মোট ৬০টি পদ শূন্য রয়েছে। আমরা বারবার চিকিৎসক দেওয়ার ব্যাপারে লেখালেখি করছি। কিন্তু প্রয়োজনীয় চিকিৎসক পাচ্ছি না।’