শয্যা-সংকটে মেঝেতে রেখে চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শয্যা না পেয়ে হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিচ্ছে রোগীরা। গতকাল বুধবার বিকেলে তোলা ছবি l প্রথম আলো
শয্যা না পেয়ে হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিচ্ছে রোগীরা। গতকাল বুধবার বিকেলে তোলা ছবি l প্রথম আলো

হবিগঞ্জ সদর হাসপাতালে শয্যার চেয়ে রোগী ভর্তি থাকেন চার থেকে পাঁচগুণ বেশি। শয্যার পাশাপাশি এখানে চিকিৎসক, নার্স ও অক্সিজেন সিলিন্ডারের সংকট রয়েছে। এসব সংকটে এখানে এসে রোগীরা যথাযথ চিকিৎসা পাচ্ছেন না।

গত শনিবার হবিগঞ্জ সদর জেলা হাসপাতালের মেডিসিন, সার্জারি, গাইনি ও শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, শয্যাসংকটের কারণে প্রতিটি ওয়ার্ডে মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছে রোগীরা। শয্যা নিয়ে প্রতিদিন বাগ্‌বিতণ্ডা হয় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে রোগী ও তাদের অভিভাবকদের।

সদর হাসপাতালের কার্যালয় সূত্রে জানা গেছে, ১০০ শয্যার এ হাসপাতালে পুরুষ ওয়ার্ডের শয্যা সংখ্যা ২৫টি। এ ওয়ার্ডে গত শনিবার রোগী ছিল ৮৭ জন। মহিলা ওয়ার্ডে রোগী ২৫ জনের স্থলে ছিল ৯৯ জন। তেমনি গাইনি ও শিশু ওয়ার্ডে চার থেকে পাঁচ গুণ রোগী ভর্তি ছিল ওই দিন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত শনিবার সব কটি ওয়ার্ডে মোট রোগী ছিল ৫০৩ জন। তাদের চিকিৎসাসেবায় চিকিৎসক ছিলেন মাত্র আটজন। গতকাল বুধবারও হাসপাতালে চার শতাধিক রোগী ভর্তি ছিল।

গত শনিবার হাসপাতালের পুরুষ ওয়ার্ডে গিয়ে দেখা যায়, এ ওয়ার্ডে একজন চিকিৎসক আছেন। নার্সও একজন। তাঁরা পালাক্রমে দায়িত্ব পালন করে থাকেন। চিকিৎসক ও অক্সিজেন-সংকট চলছে এ ওয়ার্ডে ।

নাম প্রকাশ না করার শর্তে একজন নার্স জানান, তাঁর ওয়ার্ডে ৮৭ জন রোগীর মধ্যে অনেক বয়স্ক রোগী ভর্তি হয়েছেন ঠান্ডাজনতি ও শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হয়ে। তাঁদের জন্য এ ওয়ার্ডে অক্সিজেনের সিলিন্ডার বরাদ্দ হয়েছে মাত্র দুটি, দরকার সাত থেকে আটটি।

হাসপাতালের সার্জারি, গাইনি ও শিশু ওয়ার্ডে গিয়ে চিকিৎসক, নার্স ও অক্সিজেন সিলিন্ডারের সংকট দেখা গেছে। সার্জারি ওয়ার্ডের এক রোগীর অভিভাবক আবদুস সালাম বলেন, সকালে একবার চিকিৎসক ঘুরে গেছেন। এরপর আর তিনি আসেননি। নার্সের ওপর নির্ভর করে চিকিৎসা চলছে বলে তিনি জানান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ১০০ শয্যার এ হাসপাতালে চিকিৎসকের পদ ৩৮টি। কর্মরত আছেন ২০ জন। এ ছাড়া এত রোগীর জন্য অক্সিজেন সিলিন্ডার বরাদ্দ আছে মাত্র ২২টি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে, এখানে ৪৪টি অক্সিজেন সিলিন্ডার বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ২২টি সব সময় ব্যবহার করা হয়। বাকি ২২টি অক্সিজেন ভরার জন্য সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়।

 সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. বজলুর রহমান জানান, এ হাসপাতালে শয্যার অতিরিক্ত রোগী থাকার কারণে চিকিৎসাসেবা কিছুটা ব্যাহত হচ্ছে। তাঁরপরও তারা সাধ্যমতো চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। এখানে প্রতিদিন কয়েক শ রোগী ভর্তি থাকে। চিকিৎসক ও জনবল সংকটের বিষয়টি কাটিয়ে উঠলে অনেক সমস্যা দূর হবে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক সমর কুমার ঘোষ জানান, এ সংকটগুলো নিয়ে তাঁরা অনেক চিঠি চালাচালি করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরে। শূন্যপদগুলো পূরণ হলে এ সমস্যা কমবে। এ ছাড়া ২৫০ শয্যার হাসপাতালের নির্মাণকাজ চলছে। তখন আর এ সব সমস্যা থাকবে না।