শরণখোলা ছাত্রলীগ নেতাকে কারণ দর্শানোর নোটিশ
বাগেরহাটের শরণখোলা উপজেলা ছাত্রলীগ সভাপতি জিয়াউল হাসান ওরফে তেনজিনের বিরুদ্ধে উপজেলার খোন্তাকাটা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল তালুকদারকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনার প্রতিবাদে এনামুল তালুকদার শরণখোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন এবং স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ ছাড়া জেলা ছাত্রলীগ ঘটনার কৈফিয়ত চেয়ে অভিযুক্ত ছাত্রলীগ সভাপতি জিয়াউল হাসানকে সাত দিনের নোটিশ দিয়েছে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিয়ান আল-সুলতান গতকাল বুধবার সন্ধ্যায় বলেন, জিয়াউল হাসানের বিরুদ্ধে অসাংগঠনিক কর্মকাণ্ডের অভিযোগ এনে এনামুল তালুকদার একটি অভিযোগ দিয়েছেন। গত মঙ্গলবার জিয়াউল হাসানকে তাঁর বিরুদ্ধে পাওয়া অভিযোগের বিষয়ে সাত দিনের মধ্যে জবাব দিতে চিঠি দেওয়া হয়েছে।
গত সোমবার দুপুরে শরণখোলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এনামুল তালুকদার বলেন, তিনি রেফকো ফার্মা লিমিটেড নামের একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের স্থানীয় বিক্রয় প্রতিনিধি। ২৩ জানুয়ারি দুপুরে তিনি পেশাগত কাজে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করছিলেন। এ সময় উপজেলা ছাত্রলীগ সভাপতির নাম ভাঙিয়ে তিন তরুণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আসাদ হোসেনের কাছে চাঁদা দাবি করেন। এনামুল এতে প্রতিবাদ করেন এবং উপজেলা ছাত্রলীগ সভাপতিকে মুঠোফোনে ঘটনাটি জানান। কিছু সময় পরে জিয়াউল হাসান হাসপাতালে আসেন এবং তাঁকে মারধর করেন।
এ বিষয়ে জিয়াউল হাসান বলেন, ‘আমি কাউকে মারিনি। আর চিকিৎসকের কাছে চাঁদা চাওয়ার কোনো ঘটনাই ঘটেনি।’