শরণখোলা-ঢাকা, চট্টগ্রাম বাস চলাচল চার মাস ধরে বন্ধ
বাগেরহাটের বাস মিনিবাস মালিক সমিতির বাধার মুখে দিনের বেলায় জেলার শরণখোলা ও মোরেলগঞ্জের সঙ্গে ঢাকার যাত্রীবাহী বাস চলাচল চার মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। একই কারণে পুরোপুরি বন্ধ রয়েছে শরণখোলা-চট্টগ্রাম বাস যোগাযোগ। ফলে ওই দুই উপজেলার হাজার হাজার মানুষকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঈদের আগে যাত্রীদের ভোগান্তি আরও বেড়েছে। বাগেরহাট আন্তজেলা বাস মিনিবাস মালিক সমিতির নেতারা বলছেন, ওই সব পরিবহন সম্পূর্ণ অবৈধভাবে যাত্রী পরিবহন করায় বাগেরহাটের সঙ্গে খুলনা, পিরোজপুর, মোরেলগঞ্জ ও শরণখোলাসহ বিভিন্ন পথে চলাচলকারী সমিতিভুক্ত বাসগুলো আর্থিকভাবে ক্ষতির শিকার হচ্ছে। তাই তাঁরা ওই বাসগুলোকে শরণখোলায় ঢুকতে দিচ্ছেন না।খোঁজ নিয়ে জানা গেছে, এক দশকেরও বেশি সময় আগে বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা বাসস্ট্যান্ড থেকে ঢাকার সঙ্গে বাস চলাচল শুরু হয়। চার-পাঁচ বছর আগে স্থাপিত হয় চট্টগ্রামের সঙ্গেও শরণখোলার বাস যোগাযোগ। সর্বশেষ শরণখোলা-ঢাকা পথে পাঁচটি ও শরণখোলা-চট্টগ্রাম পথে পাঁচটি পরিবহনের ১৫টি যাত্রীবাহী বাস প্রতিদিন চলাচল করছিল। কিন্তু বাগেরহাট বাস মালিক সমিতির বাধার মুখে শরণখোলার সঙ্গে ঢাকার দিনের বেলায় বাস চলাচল এবং শরণখোলার সঙ্গে চট্টগ্রামের দিন ও রাত উভয় সময়ে বাস চলাচল চার মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। শরণখোলাবাসীর এই দুর্ভোগ লাঘবে কয়েক মাস আগে সেখানে শরণখোলা যাত্রী কল্যাণ সমিতি নামে একটি সংগঠন করা হয়। বাগেরহাটের বাস মালিকদের খামখেয়ালিপনার প্রতিবাদে এই সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচিও পালন করা হয়। এই সংগঠনের সমন্বয়কারী মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির বলেন, ‘বাস বন্ধ করার প্রতিবাদে আমরা মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছি। পত্রিকায় লেখালেখি হয়েছে। যোগাযোগমন্ত্রী ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপিও দেওয়া হয়েছে। কিন্তু আজ (রোববার) পর্যন্ত কোনো প্রতিকার পাইনি।’ শরণখোলার এক ব্যবসায়ী বলেন, বাগেরহাটের বাস মালিক সমিতি হঠাৎ করে কেন আর্থিক ক্ষতির কথা বলছে। এর আগে তারা কী করেছে। এর পেছনে অন্য কোনো কারণ আছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এটা খতিয়ে দেখা উচিত।বাগেরহাট আন্তজেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম দাবি করেন, ওই সব বাসের কোনো রুট পারমিট নেই। তাই শরণখোলা তো দূরের কথা বাগেরহাট পর্যন্তও তারা আসতে পারে না। যোগাযোগ মন্ত্রণালয়ের আন্তজেলা সড়ক পরিবহন কমিটির বাগেরহাট অঞ্চলের সভাপতি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোকুল কৃষ্ণ ঘোষ গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘যাত্রীদের দুর্ভোগ না হয়, সেটা আমিও চাই। কিন্তু বাস ও মিনিবাস মালিক সমিতির পক্ষ থেকে যেসব কাগজপত্র দেখানো হয়েছে, সে অনুযায়ী ওই বাসগুলোর রুট পারমিট নেই। আর এ ব্যাপারে ওই বাসের মালিকেরা আমাদের সঙ্গে কখনো যোগাযোগ করেননি।’