শরণখোলা-ঢাকা ও শরণখোলা-চট্টগ্রাম সরাসরি বাস চালুর নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন। আগামী দুই সপ্তাহের মধ্যে যোগাযোগ সচিব, বাগেরহাটের জেলা প্রশাসক, পুলিশ সুপার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতিকে রুলের জবাব দিতে বলা হয়েছে। সরাসরি বাস সার্ভিস বন্ধের বিরুদ্ধে ও চালুর নির্দেশনা চেয়ে শরণখোলার বাসিন্দা সুপ্রিম কোর্টের আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস হাইকোটে রিট আবেদনটি করেন। এর প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করেন। আবেদনকারীর পক্ষে আইনজীবী জে এন দেব, সমীরণ দাশ গুপ্ত ও আবদুল হালিম মামলা পরিচালনা করেন। শরণখোলা-ঢাকা ও চট্টগ্রামের পথে ১০টি পরিবহন কোম্পানির ১৫টি যাত্রীবাহী বাস সরাসরি চলত। কিন্তু বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতির বাধার মুখে গত জুন থেকে শরণখোলা-ঢাকা দিনের বেলায় এবং শরণখোলা-চট্টগ্রাম দিন ও রাত উভয় সময়ে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে।