শরণখোলায় দুই ট্রলারমালিককে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের শরণখোলায় সমুদ্রগামী মাছ ধরা ট্রলারে নিষিদ্ধ কারেন্ট জাল রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত দুই ট্রলারের মালিককে এক লাখ টাকা করে জরিমানা করেছেন। গতকাল মঙ্গলবার ইউএনও অতুল মণ্ডল ওই আদালত পরিচালনা করেন।
দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন এফবি ছোট হুজুরের দোয়া ট্রলারের মালিক আবদুর রহিম ও এফবি ইমা ট্রলারের মালিক এমদাদুল শেখ। এর আগে সোমবার গভীর রাতে শরণখোলা উপজেলায় বলেশ্বর নদের কুমারখালী এলাকা থেকে মৎস্য বিভাগ প্রায় আড়াই লাখ মিটার কারেন্ট জাল ও দুটি ট্রলারসহ ২৪ জেলেকে আটক করে। এই জেলে ও ট্রলার মালিকদের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়।
শরণখোলা উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা খন্দকার সহিদুর রহমান বলেন, ভান্ডারিয়ার তেলিখালী এলাকা থেকে ছেড়ে আসা ওই ট্রলার দুটি শরণখোলার বলেশ্বর নদের ওপর দিয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাচ্ছিল।
ইউএনও জানান, ওই দুই ট্রলার মালিকের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। জাল ধ্বংস করা হয়েছে। জেলেদের ছেড়ে দেওয়া হয়েছে।