শরণখোলার এক ইউপি চেয়ারম্যান হাইকোর্ট থেকে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক গৃহবধূকে নির্যাতনের ঘটনায় বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানী ঢাকায় হাইকোর্ট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।‘জনতার সামনে গৃহবধূকে বর্বর নির্যাতন এক ইউপি সদস্যের’ শিরোনামে গত ১৮ জুন একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, শরণখোলার সাউথখালীতে শত শত মানুষের সামনে এক ইউপি সদস্য ও তাঁর সহযোগী গ্রাম্য পুলিশ অনৈতিক কার্যকলাপের অভিযোগে এক গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেছে। প্রতিবেদনটি নজরে এলে আদালত গত ১৪ জুলাই স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন।একই সঙ্গে আদালত ওই ঘটনার ব্যাখ্যা জানাতে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আজিজ, সাউথখালীর ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন ও ইউপি সদস্য, গ্রাম পুলিশকে ২১ জুলাই হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ দেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে আদালতে হাজির হন ওসি আজিজ ও চেয়ারম্যান মোজাম্মেল। তবে অপর দুজন হাজির হননি বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। শুনানি শেষে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ চেয়ারম্যান মোজাম্মেলকে গ্রেপ্তারের নির্দেশ দেন। একই সঙ্গে নির্যাতিত ওই গৃহবধূকে ২৫ জুলাই হাইকোর্টে হাজির করতে ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত। ওই দিন ওসিকেও আদালতে হাজির থাকতে বলা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, শুনানিকালে আদালত ওসি আবদুল আজিজের কাছে জানতে চান নির্যাতনের ঘটনায় কেন ওই নির্যাতিতার মামলা নেওয়া হয়নি। জবাবে আবদুল আজিজ বলেন, প্রথমে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে মামলা হয়।আদালত ওসিকে বলেন, ‘আপনি চেয়ারম্যানের কাছ থেকে কত টাকা ঘুষ নিয়েছেন।’ জবাবে ওসি ঘুষ নেওয়ার কথা অস্বীকার করেন। একপর্যায়ে আদালত চেয়ারম্যানের কাছে জানতে চান ওই ঘটনায় কী পদক্ষেপ নেওয়া হয়েছে। জবাবে চেয়ারম্যান বলেন, ‘আমি সমঝোতার চেষ্টা করেছি।’ আদালত বলেন, ‘আপনি কী সমঝোতা করেছেন। ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আপনি নির্যাতন করেছেন। চেয়ারম্যান হিসেবে আপনি ওই এলাকার অভিভাবক। কিন্তু আপনি অভিভাবকের সেই দায়িত্ব পালন না করে নির্যাতন করেছেন।’ এরপর আদালত মোজাম্মেল হোসেনকে গ্রেপ্তারের নির্দেশ দেন। পরে ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করে শাহবাগ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।