শরণখোলার তিন জেলেসহ ৩০ জনকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে জলদস্যু জিহাদ ওরফে রফিক বাহিনী মাছ ধরার প্রায় অর্ধশত ট্রলারে গণডাকাতি করেছে। তারা শরণখোলার তিন জেলেসহ অন্তত ৩০ জন জেলেকে অপহরণ করেছে বলে খবর পাওয়া গেছে।গত বুধবার গভীর রাতে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী স্টেশন থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। এ সময় ট্রলারগুলো থেকে নগদ টাকা, জ্বালানি তেল, মুঠোফোনসহ মালামাল লুটে নেন জলদস্যুরা। অপহূতদের মধ্যে শরণখোলার এফবি মায়ের দোয়া ট্রলারের মাঝি বদরুল (৪০), এফবি মঞ্জু ট্রলারের মাঝি কাওসার হোসেন (৩৫) এবং এফবি মায়ের দোয়া-২ ট্রলারের মাঝি সেলিম হাওলাদার (৪৫) রয়েছেন। অন্য জেলেদের বাড়ি মঠবাড়িয়া উপজেলার তূষখালী, পিরোজপুরের পাড়েরহাট ও পাথরঘাটার কাকচিরা এলাকার বলে জানা গেছে।জাতীয় মৎস্য সমিতির শরণখোলা উপজেলা শাখার সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মজিবর তালুকদার ফিরে আসা জেলেদের বরাত দিয়ে গতকাল শুক্রবার দুপুরে মুঠোফোনে জানান, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে জিহাদ বাহিনী তিনটি ট্রলারে করে এসে ট্রলারগুলোয় ডাকাতি ও লুটপাট করে। পরে তাঁরা মুক্তিপণের দাবিতে ৩০ জন মাঝিকে তুলে নিয়ে যান।পাথরঘাটা উপজেলার মৎস্য আড়তদার মো. জাহাঙ্গীর জমাদ্দার গতকাল দুপুরে জানান, তাঁর আড়ত থেকে দাদন নিয়ে মাছ ধরতে যাওয়া তিনটি ট্রলার থেকে বাশার মাঝিসহ তিন জেলেকেও অপহরণ করেছেন দস্যুরা।