শরণখোলায় আ.লীগের বিদ্রোহী পক্ষের হামলায় আহত ১২
বাগেরহাটের শরণখোলায় গত শুক্রবার রাতে উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুজ্জামান মিলনের সমর্থকদের ওপর দলের বিদ্রোহী পক্ষের হামলায় নারীসহ ১২ জন আহত হয়েছেন।
আহত ব্যক্তিদের মধ্যে নয়জনকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের বাড়ি উপজেলার সাউথখালী, মালিয়া রাজাপুর ও চালিতাবুনিয়া গ্রামে।
স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুব্রত কুমার সাহা বলেন, আহতদের সবার অবস্থা আশঙ্কামুক্ত।
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আসাদুজ্জামান মিলনের সমর্থক সাউথখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জাকির হোসেন হাওলাদার বলেন, শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার রায়েন্দায় নির্বাচনী সভা শেষে তাঁরা মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে তাফালবাড়ী সেতুতে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী কামাল আকনের প্যানেলের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হাসানুজ্জামানের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাঁদের ওপর হামলা করে। হামলাকারীরা এ সময় তাঁদের বেধড়ক মারধর ও তিনটি মোটরসাইকেল ভাঙচুর করে।
অভিযোগ অস্বীকার করে হাসানুজ্জামান বলেন, ‘আমি সেখানে ছিলাম না। ব্যক্তিগত শত্রুতার কারণে এ ঘটনা ঘটতে পার। এটি রাজনৈতিক ঘটনা বলে মনে হয় না।’ শরণখোলা থানার ওসি বলেন, উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুটি পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে। এরই জের ধরে হামলার ঘটনাটি ঘটেছে।