শরণখোলায় উদ্ধার হওয়া সেই লাশটি পলাতক বিডিআর সদস্যের!
বাগেরহাটের শরণখোলা উপজেলার বলেশ্বর নদ থেকে ১৭ মে উদ্ধার হওয়া হাত-পা ও চোখ বাঁধা লাশের পরিচয় নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ঝালকাঠির নলছিটি উপজেলার কাণ্ডপাশা গ্রামের গিয়াস উদ্দিন মল্লিক লাশটি তাঁর ভাই নজরুল ইসলাম মল্লিকের (৩৮) বলে দাবি করেছেন। নজরুল ইসলাম মল্লিক একজন বিডিআর সদস্য। বিডিআর বিদ্রোহের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।গিয়াস উদ্দিন মল্লিক জানান, নজরুল (ব্যাচ নং-৫৭৩১৪) ঢাকার পিলখানা বিডিআর সদর দপ্তরে স্বাস্থ্য সহকারী পদে কর্মরত ছিলেন। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের পর তিনি পিলখানা থেকে আত্মগোপন করেন। পরে তিনি নাম বদলে গোপালগঞ্জের কোটালীপাড়ায় মধুমতী ডায়াগনস্টিক সেন্টারে টেকনিশিয়ান পদে চাকরি নেন এবং স্ত্রী মুন্নি আক্তার ও কন্যা জেরিনকে (৫) নিয়ে কোটালীপাড়ায় বসবাস শুরু করেন। গত ১৫ মার্চ কোটালীপাড়া থেকে নজরুল অপহূত হন। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, গত শুক্রবার গিয়াস উদ্দিন মল্লিক নামের এক ব্যক্তি থানায় এসে লাশটির ছবি দেখে সেটি তাঁর ভাই নজরুলের বলে দাবি করেন। তবে তাঁর ভাইয়ের কোনো ছবি বা অন্য কোনো প্রমাণ সঙ্গে না আনায় তাঁকে প্রমাণসহ পরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।