শরণখোলায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৮
বাগেরহাটের শরণখোলায় গতকাল সোমবার ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে পুলিশের দুজন সদস্যসহ আটজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।আহত ব্যক্তিরা হলেন: ছাত্রলীগের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সুমন তালুকদার, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, শরণখোলা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের নেতা সাইফুল ইসলাম, শাওন হোসেন, ধানসাগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সরোয়ার হোসেন, ছাত্রলীগের কর্মী হাসান, শরণখোলা থানার দুই কনস্টেবল রবিউল ইসলাম ও আবুল কালাম।উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান তেনজিন অভিযোগ করেন, গতকাল বেলা তিনটার দিকে তাঁর সমর্থক হাসানকে প্রতিপক্ষ সুমন তালুকদারের সমর্থকেরা শেরেবাংলা সড়ক থেকে ধরে পাশের রায়েন্দা পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে নিয়ে মারধর করে। খবর পেয়ে তাঁর সমর্থকেরা পুলিশের সহযোগিতায় ওই মাঠ থেকে হাসানকে উদ্ধার করে। কিছু সময় পর সুমন তালুকদারের নেতৃত্বে একদল যুবক শেরেবাংলা রোডে এসে পুলিশ এবং তাঁর সমর্থকদের ওপর হামলা চালান। এতে পুলিশের দুই সদস্য আহত হন।অভিযোগ অস্বীকার করে সাধারণ সম্পাদক সুমন তালুকদার বলেন, জাতীয় শোক দিবসের কর্মসূচি শেষে তিনি ও তাঁর সমর্থকেরা শেরেবাংলা সড়কে দাঁড়িয়ে ছিলেন। এ সময় জিয়াউল হাসানের নেতৃত্বে একদল যুবক তাঁদের ওপর হামলা চালান। এতে তিনি ও তাঁর অন্তত পাঁচজন সমর্থক আহত হন। এ সময় হামলাকারীরা পুলিশের দুজন সদস্যকেও আহত করে।