শরণখোলায় নারী ভাইস চেয়ারম্যান লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের শরণখোলা উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রিনা আক্তারকে গত রোববার দুপুরে উপজেলা যুবলীগের কয়েকজন নেতা লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রিনা আক্তার অভিযোগ করেন, তাঁর ভাই বাহাদুরের কাছে সিমেন্ট বিক্রি বাবদ ১০ হাজার টাকা পাবেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন। এ ব্যাপারে কথা বলতে আজমল গত শনিবার মুঠোফোনে কল করে তাঁকে তাঁর (আজমল) ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকেন। রোববার বেলা সোয়া একটার দিকে তিনি আজমলের ব্যবসাপ্রতিষ্ঠান লাভলু ট্রেডার্সে যান। সেখানে যাওয়ামাত্র উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক দুলাল তাঁকে কিল-ঘুষি মারেন। এতে হতবিহ্বল হয়ে তিনি পায়ের জুতা খুলে দুলালকে মারতে যান। তখন আজমল তাঁর হাত থেকে জুতা কেড়ে নিয়ে তাঁকে ওই জুতা দিয়ে পেটান। আজমল হোসেন অভিযোগ অস্বীকার করে জানান, তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে কথা বলার একপর্যায়ে রিনা আক্তার পায়ের স্যান্ডেল খুলে দুলালকে মারতে উদ্যত হন। এ সময় দুলালের সঙ্গে রিনার ধস্তাধস্তি হয়।