শরণখোলায় নোংরা পরিবেশে তৈরি হচ্ছে কেক, বিস্কুট
গোয়ালঘরের চারপাশে ছড়ানো-ছিটানো গোবর। পাশেই দুটি পায়খানা। এর সামনেই থরে থরে সাজানো বিস্কুট, বনরুটি, কেকসহ নানা পদের খাবারের ট্রে। ভনভন করে মাছি উড়ে এসে বসছে এসব খাবারের ওপর। পাশেই আগুনের বড় চুল্লিতে তৈরি হচ্ছে কেক। বাগেরহাটের শরণখোলা উপজেলা সদরের রায়েন্দা বাজারে ‘মিজান বেকারি’তে এমন অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি হচ্ছে সুস্বাদু সব খাদ্যসামগ্রী। এসব খাবারের প্যাকেটের গায়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) নামে সিলও দেওয়া। কোনো ধরনের অনুমোদন ছাড়াই শুধু ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে ব্যবসার লাইসেন্স (অনুমতি) নিয়ে এসব খাবার তৈরির এ কারখানা গড়ে উঠেছে।সরেজমিনে বেকারির ভেতরে গিয়ে দেখা গেছে, উপজেলার বিভিন্ন হাটবাজারের দোকানের অবিক্রীত ও মেয়াদোত্তীর্ণ বিস্কুট, কেক, রুটি, টোস্ট ফেরত এনে সেগুলো দিয়ে নতুন করে মণ্ড তৈরি করছেন কারখানার প্রধান কারিগর নুহু ফরাজী (৩৫)। এগুলো দিয়ে নতুন করে তৈরি হচ্ছে বিস্কুট, রুটি ও কেক। ভেতরের পরিবেশও নোংরা। খোলা হাতে অন্য কারিগরেরা ময়দা দিয়ে মণ্ড তৈরি করছেন। তৈরি করা খাদ্যসামগ্রী কারখানার নোংরা মেঝেতে ঢেলে সেখান থেকে পলিথিনের প্যাকেটে ভরছেন কেউ কেউ। নুহু ফরাজী বলেন, ‘মেয়াদোত্তীর্ণ মাল ফেরত এনে সেগুলো দিয়ে আবার নতুন মাল বানানো হয়। মালিক যেভাবে বলে আমরা সেভাবেই কাজ করি।’ মিজান বেকারির মালিক মিজানুর রহমান আকন বলেন, ‘কারখানায় মালের অর্ডার যখন বেশি হয়, তখন জায়গার অভাবে মাঝে মাঝে মাল বাইরে রাখাতে হয়। তাঁর কারখানায় তৈরি পণ্যের বিএসটিআইয়ের কোনো অনুমোদন নেই। শুধু মিজান বেকারিতেই নয়, উপজেলা সদর রায়েন্দা বাজারে চারটিসহ বিভিন্ন এলাকার আরও আট-আটটি কারখানায় নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও বাজারজাত করা হচ্ছে। রায়েন্দা বাজার পরিচালনা পর্ষদের সভাপতি আসাদুজ্জামান বলেন, প্রশাসনের সঙ্গে আলাপ করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান বলেন, শিগগিরই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এসব কারখানা মালিককে জরিমানা করা হবে। প্রয়োজনে কারখানা সিলগালা করা হবে।