বাগেরহাটের শরণখোলা উপজেলায় পাঁচ দফা দাবিতে গতকাল সোমবার মানববন্ধন করেছে উপজেলা জেলে সমিতি। শরণখোলা প্রেসক্লাব-সংলগ্ন রাস্তায় আয়োজিত এই মানববন্ধন কর্মসূচিতে কয়েক শ জেলে অংশ নেন। পরে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেন।পাঁচ দফা দাবি হচ্ছে: মৎস্যজীবীদের পেশাভিত্তিক পরিচয়পত্র প্রদান, সুন্দরবনের নদী-খালে কীটনাশক দিয়ে মাছ ধরা বন্ধে কার্যকর পদক্ষেপ, প্রাকৃতিক দুর্যোগে কোনো জেলে মারা গেলে বা নিখোঁজ হলে তাঁর পরিবারকে পুনর্বাসন, মাছ ধরা বন্ধকালীন সময়ে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা এবং বলেশ্বর নদে কতিপয় স্বার্থান্বেষী কর্তৃক নদীতে খুঁটি পুঁতে অবৈধ ‘ধরা জাল’ ব্যবহার বন্ধ করা।কর্মসূচি শেষে টি এম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা জেলে সমিতির সভাপতি দুলাল ফরাজী, জেলে রহিম খলিফা, দুলাল হাওলাদার প্রমুখ। পরে জেলে সমিতির পক্ষ থেকে ইউএনও কামরুল হাসানের মাধ্যমে প্রধানমন্ত্রীকে একটি স্মারকলিপি দেওয়া হয়।