শরণখোলায় বনদস্যুদের সঙ্গে বন্দুকযুদ্ধের পর আট জেলে উদ্ধার
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশন এলাকার বাদামতলী খালে বুধবার বিকেলে বনদস্যু ‘টাইগার বাহিনী’র সঙ্গে কোস্টগার্ড ও বনরক্ষীদের বন্দুকযুদ্ধ হয়েছে। এ সময় দস্যুরা পালালে তাদের আস্তানা থেকে একটি নৌকাসহ আট জেলেকে উদ্ধার করা হয়। জেলেরা হলেন সুজন মণ্ডল, সঞ্জিত হাওলাদার ও তাঁর ভাই সুমন্ত হাওলাদার, কমল হাওলাদার, ফিরোজ আখন্দ, ইসমাইল ফকির, বিজন হাওলাদার ও ইউনুস হাওলাদার। তাঁদের বাড়ি বাগেরহাট, পিরোজপুর ও বরগুনা জেলার বিভিন্ন গ্রামে। গতকাল বৃহস্পতিবার জেলেরা নিজেদের বাড়ি চলে যান।জেলেরা জানান, বন বিভাগের পাশ নিয়ে ২২ দিন আগে সুন্দরবনে মাছ ধরতে গেলে টাইগার বাহিনীর দস্যুরা তাঁদের অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। সুপতি স্টেশনের বন কর্মকর্তা মো. আবুল কালাম জানান, উভয়পক্ষে অন্তত ৪০টি গুলিবিনিময় হয়। এর মধ্যে শুধু বনরক্ষীরাই ১৫টি গুলি ছোড়েন।