শরণখোলায় যৌতুক না পেয়ে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ
বাগেরহাটের শরণখোলায় যৌতুক না পেয়ে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন মালা আক্তার (২২) নামের এক গৃহবধূকে রড দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।মঙ্গলবার উপজেলার পূর্ব খোন্তাকাটা গ্রামে এ ঘটনা ঘটে। মালাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।মালা অভিযোগ করেন, দুই বছর আগে পূর্ব খোন্তাকাটা গ্রামের সেলিম রেজার সঙ্গে তাঁর বিয়ে হয়। তখন তাঁর পরিবার সেলিমকে নগদ টাকা, পাঁচ কাঠা জমি, স্বর্ণালংকারসহ বিভিন্ন ধরনের মালামাল দেয়। সম্প্রতি সেলিম ব্যবসার জন্য আরও দেড় লাখ টাকা তাঁর (মালা) বাবার কাছ থেকে এনে দেওয়ার জন্য তাঁকে চাপ দিচ্ছিলেন। এতে অস্বীকৃতি জানানোর পর মঙ্গলবার সকালে স্বামী, শ্বশুর ও শাশুড়ি তাঁকে মারধর করেন। একপর্যায়ে তাঁরা লোহার রড দিয়ে পিটিয়ে মালার মাথা ফাটিয়ে দেন। তবে মালার স্বামী দাবী করেন, যৌতুকের জন্য নয়, পারিবারিক কলহের জের ধরে তিনি মালাকে সামান্য মারধর করেন।