শরণখোলায় শিশুকে ধর্ষণের পর হত্যা, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের বগি সাতঘর গ্রামে গত বৃহস্পতিবার সন্ধ্যায় লিজা আক্তার (১০) নামের এক শিশুকে ধর্ষণের পর শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা একটার দিকে পুলিশ লিজার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ লিজাদের প্রতিবেশী রাজীব পঞ্চায়েত (২২) ও তার ছোট ভাই পঞ্চায়েত সোহেল রানাকে (১৭) আটক করেছে। নিহত লিজার বাবা সেলিম হাওলাদার জানান, এক সপ্তাহ ধরে তিনি পরিবার নিয়ে পাশেই তাঁর বাবার বাড়িতে ছিলেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মেয়ে লিজা তাঁর নিজ বাড়িতে ছাগল রাখতে গিয়ে আর ফেরেনি। পরে দেখেন, তাঁর বাসার গোয়ালঘরে রক্তাক্ত অবস্থায় লিজার মৃতদেহ পড়ে আছে। গলায় পেঁচানো ছিল রশি।লিজা সাউথখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার সন্ধ্যায় লিজাকে তাদের বাড়িতে একা পেয়ে দুর্বৃত্তরা ধর্ষণ করে গলায় রশি পেঁচিয়ে শ্বাস রোধ করে হত্যা করে। তিনি জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে প্রতিবেশী রাজীব পঞ্চায়েতকে আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী পরে তার ছোট ভাই সোহেল রানাকে আটক করা হয়। সোহেল জিজ্ঞাসাবাদে লিজাকে ধর্ষণের পর হত্যা করার কথা স্বীকার করেছে।