শরণখোলায় সংঘর্ষে আহত ছাত্রদল নেতার মৃত্যু
বাগেরহাটের শরণখোলায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত রায়েন্দা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. হাছান আকন (১৬) গত সোমবার রাতে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গত শুক্রবার রায়েন্দা পাইলট উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা ছাত্রদলের বর্ধিত সভা ও ইফতার অনুষ্ঠানে সংঘর্ষের একপর্যায়ে আকন আহত হয়।সোমবার রাতেই এ ঘটনায় হাছান আকনের বাবা জিলবুনিয়া গ্রামের জয়নাল আবেদীন আকন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পঞ্চায়েতসহ ১১ জনের নাম উল্লেখ করে শরণখোলা থানায় মামলা করেন। পুলিশ মামলার প্রধান আসামি আনোয়ার হোসেন পঞ্চায়েতকে (৪৫) গ্রেপ্তার করেছে। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ গতকাল সকালে জানান, শরণখোলায় উপজেলা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পঞ্চায়েতের নেতৃত্বাধীন বিএনপির দুটি পক্ষ মুখোমুখি অবস্থান করছে। শুক্রবার ছাত্রদলের বর্ধিত সভা শুরুর পর মাথায় লাল কাপড় বাঁধাকে কেন্দ্র করে বিএনপির ওই দুই নেতার সমর্থক ছাত্রদলের কর্মীদের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় হাছান আকন আহত হয়।