শরণখোলায় হামলায় এক জেলে নিহত
বঙ্গোপসাগরে একই স্থানে মাছ ধরাকে কেন্দ্র করে জেলেদের এক পক্ষের হামলায় অপর পক্ষের কালীপদ মণ্ডল (৪২) নিহত ও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সুন্দরবন পূর্ব বিভাগের বাগেরহাটের শরণখোলা রেঞ্জের বড় শেলার চর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত কালীপদ মণ্ডল সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল গ্রামের নবকুমার মণ্ডলের ছেলে। আহত দুই জেলে হচ্ছেন আশাশুনি উপজেলার মণিপুর গ্রামের মো. শহীদুল হোসেন (৩২) ও খুলনার কয়রা উপজেলার হরিহরনগর গ্রামের নেকবর গাজী (৩০)। তাঁদের খুলনার কয়রা উপজেলার জায়গীর মহল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার ভোর সাড়ে চারটার দিকে কালীপদের লাশ তাঁর সহযোগীরা বাগেরহাটের শরণখোলা থানায় নিয়ে আসেন।কালীপদ মণ্ডল ও তাঁর সহযোগীদের বহনকারী ট্রলারের মালিক সামছুর রহমান অভিযোগ করেন, বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁদের ট্রলারের জেলেরা বড় শেলার চরে জাল ফেলে মাছ ধরছিল। এ সময় পিরোজপুরের নূর ইসলাম, হানিফ শেখ, সোহরাব গাজী ও শাহীনূর গাজীর মাছ ধরা ট্রলারটি একই স্থানে জাল ফেললে কালীপদ ও তাঁর লোকেরা বাধা দেন। এ সময় কথাকাটাকাটির এক পর্যায়ে পিরোজপুরের জেলেরা তাঁদের ওপর হামলা চালায় এবং কালীপদকে পিটিয়ে হত্যা করে।শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, এ ঘটনায় ট্রলারের মালিক সামছুর রহমান গতকাল শনিবার শরণখোলা থানায় হত্যা মামলা করেছেন।